ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

২৮৮ কিলোমিটার সড়কের ব্যাপক ক্ষতি বন্যায়

২৮৮ কিলোমিটার সড়কের ব্যাপক ক্ষতি বন্যায়
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২০ | ০৮:০৯ | আপডেট: ২২ জুলাই ২০২০ | ০৮:১১

বন্যায় ২৮৮ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক ও জেলা সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও রাস্তা এখনো গভীর পানির নিচে। কোথা রাস্তা ভেসে গেছে বানের তোড়ে। এসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সবচেয়ে ক্ষয়ক্ষতি হয়েছে জামালপুর ও সুনামগঞ্জে। দেশের ২২টি জাতীয় মহাসড়কের প্রধান ছয়টির কোনো অংশ না ডুবলেও, রাস্তা পাশে বন্যার পানি দিন দিন বৃদ্ধি পাওয়ায় হুমকির মুখে রয়েছে।

সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ)  বন্যা পরিস্থিতি কেন্দ্রের সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। বুধবার কেন্দ্রের সূত্র জানিয়েছে, সওজ’র ১৫টি বিভাগের ৮২টি সড়কের ২৮৮ কিলোমিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি নেমে যাওয়ার পর বোঝা যাবে, এসব ক্ষয়ক্ষতি মেরামতে কত টাকা ব্যয় হবে।

সারাদেশে সওজ’র অধীনে জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক এবং জেলা সড়ক; এই তিন শ্রেণিতে ২২ হাজার কিলোমিটার রাস্তা রয়েছে। গ্রামীণ ও আঞ্চলিক সড়ক রক্ষাণাবেক্ষনের দায়িত্ব স্থানীয় সরকারের বিভিন্ন সংস্থার হাতে। ভারী যানবাহন চলাচলে সক্ষম রাস্তা নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করে সওজ।

সংস্থাটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খান সমকালকে জানিয়েছেন, জাতীয় মহাসড়ক বন্যার তলিয়ে না গেলেও গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোথাও যান চলাচল বন্ধ হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। বৃষ্টির ক্ষয়ক্ষতি ঈদের আগেই মেরামত করা হবে।

জাতীয় মহাসড়কের সংখ্যা ২২ হলেও এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-খুলনা এবং ঢাকা-উত্তরবঙ্গের সিরাজগঞ্জ থেকে রাজশাহী ও রংপুরমুখী অংশ বিশেষ গুরুত্বপূর্ণ। সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতির কারণে মহাসড়ক আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। টাঙাইলে বন্যার পানি বাড়ায় গুরুত্বপূর্ণ জয়দেবপুর-চন্দ্রা-এলেঙ্গা মহাসড়কও ঝুঁকিতে রয়েছে।

আরও পড়ুন

×