বেসিক ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাত: ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ জুলাই ২০২০ | ০৯:৩৯
বেসিক ব্যাংকের প্রায় ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির গুলশান শাখার চাকরিচ্যুত সাবেক ব্যবস্থাপক এস আসিফ আহমেদসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি দায়ের করেন।
মামলার অপর দুই আসামি হলেন- মেসার্স টাইটান এপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসিবুর রহমান ও একই কোম্পানির পরিচালক আরশিয়া আতিক।
এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে অন্যায়ভাবে লাভবান হতে নানা অনিয়ম, দুর্নীতি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২০০৮ সালের ৮ অক্টোবর থেকে ২০১২ সালের ৪ জানুয়ারি পর্যন্ত ব্যাংকের ৮ কোটি ৯৬ লাখ ৭৭ হাজার ৮৮৪ টাকা আত্মসাত করেছেন।
ওই অপরাধে তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন-১৯৪৭ এর ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
- বিষয় :
- দুদক
- দুর্নীতি দমন কমিশন
- বেসিক ব্যাংক