ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শিশু সুরক্ষায় ‘প্রজেক্ট সুরক্ষা’ চালু করল আইজেএম

শিশু সুরক্ষায় ‘প্রজেক্ট সুরক্ষা’ চালু করল আইজেএম
×

রাজধানীর দ্য ওয়েস্টিন হোটেলে আইজেএম এর অনুষ্ঠান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৫:০২

বাংলাদেশে শিশুদের বাণিজ্যিক যৌন নিপীড়ন থেকে রক্ষায় নতুন উদ্যোগ গ্রহণ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন (আইজেএম)। সংস্থাটি শিশুদের রক্ষায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে বিশেষ কর্মসূচি ‘প্রজেক্ট সুরক্ষা’। আজ বুধবার সকালে রাজধানীর দ্য ওয়েস্টিন হোটেলে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের সুরক্ষায় সমন্বিত উদ্যোগ ও কার্যকর কাঠামো গড়ে তোলা এখন সময়ের দাবি। 

উদ্বোধনী বক্তব্যে আইজেএমের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহসভাপতি ক্লেয়ার উইলকিনসন বলেন, শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টা ও শক্তিশালী কাঠামো অপরিহার্য। 

গত ২৮ বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষায় কাজ করছে আইজেএম। বাংলাদেশেও সরকার, সুশীল সমাজ ও স্থানীয় জনগণের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ‘প্রজেক্ট সুরক্ষা’ কার্যক্রম শুরু করেছে তারা।

আয়োজকেরা জানান, ‘প্রজেক্ট সুরক্ষা’র মাধ্যমে বিচারব্যবস্থাকে শক্তিশালী করা, অপরাধীদের বিচারের আওতায় আনা, ভুক্তভোগীদের উদ্ধার ও পুনর্বাসনের পাশাপাশি ন্যায়বিচারের দাবি বিস্তারে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইজেএমের প্রধান কর্মসূচি কর্মকর্তা ব্লেয়ার বার্নস। বিশেষ অতিথি ছিলেন এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. দাউদ মিয়া এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান। এছাড়াও অনির্বাণের সভাপতি আল-আমিন নয়ন, সিআইডির অতিরিক্ত ডিআইজি আলী আকবর খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা বিভাগের অতিরিক্ত সচিব খোন্দকার মো. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশেষজ্ঞ শ্যারন কোহ্ন উ, অ্যাটর্নি স্যামসন ইনোসেনসিও ও মারিয়া থেরেসা সি ক্যাসিনো দক্ষিণ এশিয়ায় পাচার ও নিপীড়ন মোকাবিলার অভিজ্ঞতা তুলে ধরেন। সমাপনী বক্তব্য দেন ক্লেয়ার উইলকিনসন ও ইউএনএইডস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. সাইমা খান।

আরও পড়ুন

×