ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাবেক এমপি কবিরুল হক মুক্তি ৬ দিনের রিমান্ডে 

সাবেক এমপি কবিরুল হক মুক্তি ৬ দিনের রিমান্ডে 
×

সাবেক সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি

আদালত প্রতিবেদক 

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ১৭:১১ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ১৭:২৭

নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য বিএম কবিরুল হক মুক্তির (৫৫) ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ’র আদালত রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। একই মামলায় কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটির সদস্য এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কার্যনির্বাহী সংসদের সভাপতি মোজাম্মল হকের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আসামিদের আদালতে উপস্থিত করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মো. আব্দুস সালাম। রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী। রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম ও মো. কায়েস আহমেদ অর্নব। উভয়পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন বিচারক। 

মামলা সূত্রে জানা যায়, ‘১২ সেপ্টেম্বর বেলা দেড়টার দিকে গুলশান থানার ডা. ফজলে রাব্বী পার্কের দক্ষিণ পাশে সেতুর ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিলে তিনি রাষ্ট্রকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে উসকানিমূলক স্লোগান দেয়। এ সময় রাস্তায় চলাচলরত গাড়ি ভাঙচুর করার চেষ্টা চালিয়ে জনমনে ভীতি সৃষ্টি করে বিক্ষোভকারীরা। এ ঘটনায় গুলশান থানা পুলিশের উপপরিদর্শক মো. মাহাবুব হোসাইন সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।’ 

কবিরুল হক মুক্তিকে বুধবার সন্ধ্যায় রাজধানীর নিকেতন থেকে গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে কলস প্রতীক নিয়ে বিজয়ী হন। পরে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের তিনটি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে সংসদ সদস্য হন তিনি। নিজ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামিদপুর ইউনিয়নের হাসিম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

আরও পড়ুন

×