ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আইন সংশোধনে তামাক কোম্পানির সঙ্গে বৈঠক বাতিলের দাবি

আইন সংশোধনে তামাক কোম্পানির সঙ্গে বৈঠক বাতিলের দাবি
×

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন সংক্রান্ত সংবাদ সম্মেলন। ছবি: সংবাদ বিজ্ঞপ্তি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫ | ২২:১১

অধূমপায়ী ও তরুণ প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে রক্ষা করতে বিদ্যমান আইনের প্রস্তাবিত সংশোধনী পাসের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আইনটি দ্রুত পাসের দাবি জানিয়ে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ) বলেছে, আইন সংশোধন প্রক্রিয়ায় তামাক কোম্পানির সম্পৃক্ততা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন: এফসিটিসি অনুচ্ছেদ ৫.৩ বাস্তবায়নে রাষ্ট্রের দায়বদ্ধতা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এতে সহায়তা দেয়।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্যে বিএইচআরএফ-এর সভাপতি রাশেদ রাব্বি বলেন, দেশে বর্তমানে প্রতি ১০ জনের ৪জন পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন। বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে তরুণ প্রজন্ম। এ পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। কিন্তু উপদেষ্টা কমিটি সম্প্রতি এফসিটিসি অনুচ্ছেদ ৫.৩ লঙ্ঘন করে তামাক কোম্পানির সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে। যা অযৌক্তিক। আইন বা নীতি প্রণয়ণে কোম্পানি বা তাদের সহযোগীদের মতামত গ্রহণযোগ্য নয়। সরকারের সংশ্লিষ্টদের এফসিটিসি অনুসরণ করার আহ্বান জানাচ্ছি।

সভাপতির বক্তব্যে হার্ট ফাউন্ডেশনের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, হৃদরোগ, স্ট্রোক ও শ্বাসতন্ত্রের দীর্ঘমেয়াদি রোগসহ নানা অসংক্রামক রোগ রুখে তরুণ প্রজন্মকে রক্ষা  করতে দ্রুত প্রস্তাবিত সংশোধনী পাস করতে হবে।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। অনুষ্ঠানে হার্ট ফাউন্ডেশনের তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির উপদেষ্টা নাইমুল আজম খান, প্রোগ্রাম কোঅরডিনেটর ডা. অরুনা সরকার ও সিনিয়র কমিউনিকেশন অফিসার আবু জাফর, বিএইচআরএফ-এর সদস্যবৃন্দ এবং তামাকবিরোধী সংগঠনের প্রতিনিধিসহ অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×