গোলটেবিল আলোচনায় বক্তারা
স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং কর্মসূচি জরুরি
দেশে পর্যাপ্ত স্ক্রিনিং সেন্টার নেই
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫ | ২২:৩২
বাংলাদেশে প্রতি বছর প্রায় ১৩ হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন, যাদের মধ্যে প্রায় ৬ হাজার মারা যান। প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত হলে চিকিৎসায় সাফল্যের হার অনেক বেশি। এজন্য স্তন ক্যান্সার প্রতিরোধে সারাদেশে স্ক্রিনিং কর্মসূচি নেওয়া জরুরি।
শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনা এসব তথ্য জানানো হয়। স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের উদ্যোগে এই গোলটেবিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।
ডা. রাসকিন বলেন, ‘গত বিশ বছরের বেশি সময় ধরে সচেতনতামূলক প্রচারণা চালালেও স্ক্রিনিং ও প্রতিরোধমূলক সেবার ব্যবহার এখনও আশানুরূপ নয়। তাই এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে জেনে নিন, জেগে উঠুন। স্ক্রিনিং জীবন বাঁচায়।’ তিনি জানান, দেশে প্রতি বছর গড়ে ১৩ হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন এবং প্রায় ৬ হাজার নারী মারা যান।
আলোচনায় অংশ নেন স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য ও কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের চেয়ারম্যান ডা. জাকির হোসেন, অধ্যাপক ডা. মোজাহেরুল হক, অনকোলজিস্ট অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. হালিদা হানুম আখতার এবং নারী উদ্যোক্তা মাশহুদা খাতুন শেফালীসহ আরও অনেকে। আলোচকদের মতে, স্তন ক্যান্সার নির্ণয়ের জন্য দেশে এখনো পর্যাপ্ত স্ক্রিনিং সেন্টার নেই। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত ও চিকিৎসার জন্য আরও বড় পরিসরে সরকারি-বেসরকারি উদ্যোগ দরকার।
রাজধানীতে প্রতিকী গোলাপি শোভাযাত্রা
এর আগে প্রেস ক্লাবের সামনে থেকে একটি প্রতীকী গোলাপি শোভাযাত্রা বের করা হয়। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায়ও আয়োজন করা হয় গোলাপি সাজে সড়ক শোভাযাত্রা, সচেতনতামূলক পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি। আয়োজনে অংশ নেয় ফোরামের অন্তর্ভুক্ত ৫৩টি সংগঠন। বিভিন্ন সংগঠন নিজস্ব উদ্যোগেও দিবসটি পালন করে। আয়োজকেরা জানান, চলতি মাসের ৩০ ও ৩১ অক্টোবর ঢাকাসহ রাজশাহী ও খুলনায় আয়োজন করা হবে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা। একটি গোলাপি বাসে করে সেসব শহরে সচেতনতামূলক সভা, লিফলেট বিতরণ ও পথনাট্য আয়োজন করা হবে।
গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল সূত্রে জানা গেছে, সেখানে এখন মাত্র পাঁচ হাজার টাকায় স্তন ক্যান্সার অপারেশনের বিশেষ ব্যবস্থা চালু রয়েছে। পাশাপাশি কেমোথেরাপি ও অন্যান্য সেবা স্বল্প খরচে দেওয়া হচ্ছে।
