ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

নির্বাচনে কর্মকর্তারা নিরপেক্ষতা বজায় না রাখলে তাৎক্ষণিক ব্যবস্থা: জনপ্রশাসন সচিব

নির্বাচনে কর্মকর্তারা নিরপেক্ষতা বজায় না রাখলে তাৎক্ষণিক ব্যবস্থা: জনপ্রশাসন সচিব
×

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫ | ১৮:১৩ | আপডেট: ১২ অক্টোবর ২০২৫ | ১৮:১৪

নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যদি নিরপেক্ষতা বজায় না রাখেন তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক। তিনি বলেন, যদি অফিসাররা নিরপেক্ষ নির্বাচন না করেন, তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কোনো দলের পক্ষে কাজ করলে তাকে সরিয়ে দেওয়া হবে। কারো দলীয় সম্পৃক্ততা পাওয়া গেলেও নির্বাচনের বাইরে রাখা হবে।

আজ রোববার মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জনপ্রশাসন সচিব বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশ- সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হতে হবে। নির্বাচনের সময় আমরা ইসির অধীনে থাকব। মাঠ প্রশাসনের সবাই অত্যন্ত নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন বলে বিশ্বাস করি। সেটি নিশ্চিত করার দায়িত্ব নিলাম।

তিনি আরও বলেন, প্রশাসনের কর্মকর্তারা সুযোগ পেলে অত্যন্ত নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবেন। সে সুযোগ করে দেওয়ার দায়িত্ব সবার। আইনশৃঙ্খলার কোনো সমস্যা আছে বলে মনে করি না। জনগণ চাইলে সুন্দর নির্বাচন সম্ভব।

এহছানুল হক বলেন, আমরা চাইবো নির্বাচনকালীন দায়িত্বে যেসব কর্মকর্তা থাকবেন, তারা যেন সমস্ত বিতর্কের ঊর্ধ্বে থাকেন। উপযুক্ত পরিবেশ ও প্রোটেকশন পেলে অফিসাররা নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন বলে বিশ্বাস করি।

জনপ্রশাসন সচিব দাবি করেন, কখনও কোনো দলীয় নির্দেশে কাজ করিনি, ভবিষ্যতেও করবো না। প্রিজাইডিং অফিসাররা নির্ধারিত ক্ষমতার ব্যবহার করবেন, নাহলে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×