চাকসু নির্বাচন
চার স্তরের নিরাপত্তা বেষ্টনীতে চলছে ১৫ কেন্দ্রে ভোটগ্রহণ
আড়াই শতাধিক সিসি ক্যামেরায় ভোটগ্রহণ তদারকি করছে প্রশাসন
নির্বাচনে পুলিশ, এপিবিএনের প্রচুর সদস্য দায়িত্বে রয়েছেন। ছবি: মো. রাশেদ
শৈবাল আচার্য্য, চবি থেকে
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫ | ১৪:৪৩ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ | ১৪:৫২
নির্বাচনকে কেন্দ্র করে চার স্তরে নিরাপত্তার চাদরে মোড়ানো হয়েছে পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পুলিশ, র্যাবসহ বিভিন্ন বাহিনীর প্রায় ১২০০ সদস্য দায়িত্বে রয়েছে। প্রত্যেক অনুষদ ভবনে দায়িত্বে রয়েছেন একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। আড়াই শতাধিক সিসি ক্যামেরায় ভোটগ্রহণ তদারকি করছে প্রশাসন নির্বাচনে ছাত্রদল, ছাত্রশিবিরসহ ১৩টি প্যানেল থেকে ৯০৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট ভোটার ২৭ হাজার ৫১৬ জন। এর মধ্যে পুরুষ ১৬ হাজার ৮৪ জন এবং মোট নারী ভোটার ১১ হাজার ৩২৯ জন।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন সমকালকে বলেন, ‘সকাল থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। দুপুর পর্যন্ত আমরা বড় কোনো ঘটনার খবর পায়নি। প্রতিটি ভোটকেন্দ্রের যাবতীয় বিষয় কঠোরভাবে তদারকি করা হচ্ছে। ভোটকেন্দ্রে প্রবেশের সময় প্রত্যেক ভোটারের পরিচয়পত্রসহ যাবতীয় বিষয় যাচাই-বাছাই করে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে। এখনও পর্যন্ত কোনো বহিরাগত পাওয়া যায়নি। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে ভোটাররাও আনন্দিত।’
নির্বাচনে পুলিশ, এপিবিএনের প্রচুর সদস্য দায়িত্বে রয়েছেন। কমপক্ষে আটটি টহল টিম রয়েছে। সাদা পোশাকে বেশ কিছু গোয়েন্দা সংস্থাও সার্বিক বিষয় তদারকি করছে।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেন, ‘চাকসু নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্বে আছে। সকাল থেকে দুপুর পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শেষ পর্যন্ত উৎসবমুখর, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক ভোটগ্রহণের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হবে বলে প্রত্যাশা আমাদের।’
পাঁচটি অনুষদের ১৫টি ভোটকেন্দ্রের ৬০টি কক্ষের ৬৮৯টি বুথে সকাল ৯টা থেকে একযোগে ভোটগ্রহণ চলছে। যা শেষ হবে বিকেল ৪টায়।
