জাতীয় সড়ক নিরাপত্তা দিবস আজ
৫০ হাজার চালকের দৃষ্টি পরীক্ষা ও ৩০ হাজার চশমা বিতরণ কর্মসূচি চালু
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫ | ০৪:৫২ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ | ০৪:৫২
জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে বৈশ্বিক সামাজিক উদ্যোগ ভিশনস্প্রিং বাংলাদেশ চালকদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চশমা বিতরণ কর্মসূচি শুরু করেছে। ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষ ও বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সঙ্গে অংশীদারত্বে এবং সরকারের সহযোগিতায় চালু হওয়া এই উদ্যোগের মাধ্যমে আগামী দুই বছরে ৫০ হাজার বাস–ট্রাক চালকের দৃষ্টি পরীক্ষা ও ৩০ হাজার জোড়া চশমা বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ৫ হাজার ২৪টি সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ৩৪৯ জন নিহত ও ৬ হাজারের বেশি মানুষ আহত হন। যেখানে উল্লেখযোগ্য অংশ পথচারী ও যুবক। চালকদের ঝাপসা বা ত্রুটিপূর্ণ দৃষ্টি সড়ক-নিরাপত্তার এক নীরব ঝুঁকি; সহজ একটি চশমা অনেক সময় নিরাপদ যাত্রা ও প্রাণঘাতী ঝুঁকির মধ্যে ফারাক গড়ে দেয়। এই প্রেক্ষাপটেই ভিশনস্প্রিং-এর বৈশ্বিক ‘সি টু বি সেফ’ প্রোগ্রাম বাংলাদেশে রোল-আউট হল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক নীলিমা আখতার, বিআরটিএর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম, ভিশনস্প্রিং বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিশা মাহজাবীন, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান প্রমুখ।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
