ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিদ্যুৎ মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি স্টিল মিল মালিকদের

বিদ্যুৎ মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি স্টিল মিল মালিকদের
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ২২:০০

বিদ্যুতের দাম ও সঞ্চালন চার্জ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন দেশের স্টিল মিল মালিকরা। বুধবার এক বিবৃতিতে তারা জানান, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় না নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা শিল্পখাতে অতিরিক্ত চাপ সৃষ্টি করবে।

বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএসএমএ) জানায়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের গড় দাম ১৬ দশমিক ৬৮ শতাংশ এবং সঞ্চালন চার্জ প্রায় ২৩ দশমিক ৯৬ শতাংশ বাড়িয়েছে। এতে উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

স্টিল মিল মালিকদের মতে, কোভিড-পরবর্তী সময়ে শিল্পখাত দীর্ঘদিন ধরে উচ্চ ব্যয়চাপে রয়েছে। ব্যাংক ঋণের সুদহার বৃদ্ধি, টাকার অবমূল্যায়ন, গ্যাস-বিদ্যুতের দাম বাড়া, নির্মাণ খাতের মন্দা এবং বৈশ্বিক অনিশ্চয়তার কারণে অনেক কারখানা এখন লোকসান বহন করে চলছে।

তারা আরও জানান, গত কয়েক বছরে বিদ্যুতের ট্যারিফ প্রায় ৩৬ শতাংশ এবং ডিমান্ড চার্জ ১২৫ শতাংশের বেশি বেড়েছে। একই সময়ে গ্যাসের দামও কয়েকগুণ বৃদ্ধি পাওয়ায় উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

বিবৃতিতে বলা হয়, স্টিল শিল্পের বড় কারখানাগুলো ৩৩ কেভি, ১৩২ কেভি ও ২৩০ কেভি লাইনের সরাসরি গ্রাহক হলেও ডিমান্ড চার্জ, ভ্যাট ও অন্যান্য অতিরিক্ত খরচে বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। নিজেদের সাবস্টেশন থাকলেও এসব ব্যয় থেকে রেহাই মিলছে না।

স্টিল মিল মালিকরা সতর্ক করে বলেন, বিদ্যুতের দাম বাড়লে উৎপাদন খরচ আরও বৃদ্ধি পাবে, বিনিয়োগ কমে যাবে এবং দেশের শিল্প প্রতিযোগিতা সক্ষমতা দুর্বল হবে। এর ফলে কর্মসংস্থান ও শিল্প স্থিতিশীলতা ঝুঁকিতে পড়তে পারে।

তাদের দাবি, বিদ্যুৎ মূল্য বৃদ্ধি শুধু একটি ট্যারিফ নয়, এটি শিল্প টিকে থাকার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই নতুন মূল্যহার অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তারা।

আরও পড়ুন

×