ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত স্বেচ্ছাচারী: সাইফুল হক

বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত স্বেচ্ছাচারী: সাইফুল হক
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ২১:৫৫

জাতীয় বাজেট ঘোষণার আগমুহূর্তে বিদ্যুতের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তকে স্বেচ্ছাচারী আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলটির মতে, নতুন করে বিদ্যুতের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দেবে এবং বিদ্যমান অর্থনৈতিক সংকটকে গভীর করবে।

বুধবার এক বিবৃতিতে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, মূল্যস্ফীতি ও নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে এমনিতেই নিম্ন ও মধ্য আয়ের মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। এর মধ্যে আবারও বিদ্যুতের দাম বাড়ানো হলে সাধারণ মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে পড়বে।

তিনি অভিযোগ করেন, পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধির পক্ষে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কোনো গ্রহণযোগ্য ও যৌক্তিক কারণ তুলে ধরতে পারেনি। বিদ্যুৎ ও জ্বালানি খাতে চুরি, দুর্নীতি, অপচয় এবং অব্যবস্থাপনা কমাতে পারলে বর্তমান পরিস্থিতিতে বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন হতো না বলেও মন্তব্য করেন তিনি।

সাইফুল হক বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের অনিয়মের দায় সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তিনি প্রশ্ন রাখেন, এই খাতে চুরি ও দুর্নীতির জন্য কেন সাধারণ ভোক্তাদের শাস্তি পেতে হবে।

বিবৃতিতে তিনি বিইআরসির গণশুনানির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন। তার দাবি, এসব গণশুনানি অনেক ক্ষেত্রেই আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকে এবং শেষ পর্যন্ত সরকারের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকেই বৈধতা দেওয়া হয়। তিনি বিইআরসি আইন সংশোধনের আহ্বান জানিয়ে বলেন, কমিশনকে শুধু মূল্যবৃদ্ধির সুপারিশ নয়, প্রয়োজনে বিদ্যুতের দাম কমানোর সুপারিশ করার ক্ষমতাও দিতে হবে।

বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সরকারকে আরও কিছু সময় বিদ্যুৎ খাতে ভর্তুকি অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসন্ন জাতীয় বাজেটে জ্বালানি ও বিদ্যুৎ খাতের উন্নয়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা উপস্থাপন করা উচিত। বিবৃতিতে তিনি বিদ্যুতের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

আরও পড়ুন

×