বাংলাদেশ ট্যুর অ্যান্ড ট্রাভেল ফেয়ার
মেলায় বিশেষ মূল্যে মিলছে উড়োজাহাজের টিকিট
রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে পর্যটন মেলা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫ | ০৭:৫৯ | আপডেট: ০১ নভেম্বর ২০২৫ | ১২:১৪
| প্রিন্ট সংস্করণ
রাজধানীর আগারগাঁও চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশের বৃহত্তম পর্যটন মেলা চলছে। গতকাল শুক্রবার মেলার দ্বিতীয় দিনে ছিল উপচে পড়া ভিড়। বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারের শেষ দিন আজ। চলবে রাত ৮টা পর্যন্ত। এদিনও বিশেষ মূল্য ছাড়ে উড়োজাহাজের টিকিট কেনা, হোটেল বুকিংসহ নানা বিষয়ে ছাড় পেতে ক্রেতারা ভিড় করবেন বলে আশা করছেন অংশীজন।
আন্তর্জাতিক এ মেলায় অংশ নিয়েছে দেশি-বিদেশি ১২০টির বেশি সংস্থা ও প্রতিষ্ঠান। আয়োজক দেশের পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। চলতি আসরের টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আইএইচজি গোল্ড পার্টনার এবং বিকাশ পেমেন্ট পার্টনার হিসেবে যুক্ত হয়েছে।
গতকাল শুক্রবার মূল ফটক দিয়ে ঢোকামাত্র কথা হয় চট্টগ্রাম থেকে আসা মনিরুজ্জামানের সঙ্গে। তিনি সমকালকে বলেন, ‘প্রতি বছরই আসি; বিশেষ মূল্য ছাড়ে উড়োজাহাজের টিকিট কিনি। এবার ১৫ শতাংশ মূল্য ছাড়ে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের স্টল থেকে টিকিট কিনলাম।’ রাশিয়া এয়ারলাইন্সের স্টলে প্রায় একই অনুভূতির কথা জানান সিলেট থেকে আসা মাহবুবুর রহমান। তাঁর পাসপোর্টে রয়েছে যুক্তরাষ্ট্র, জাপান, জার্মান, ইতালি, রাশিয়াসহ ৩২ দেশের ভিসা। তিনি বিশেষ মূল্য ছাড়ে রাশিয়ার টিকিট পেয়ে আনন্দিত।
রাজধানীর বারিধারা থেকে মেলায় আসা আমিনুল ইসলাম বলেন, বছরে চার-পাঁচবার থাইল্যান্ডে যান শরীর চেকআপ করাতে। এবারে এসেছেন মূল্যছাড়ে বিমানের টিকিট কিনতে। ব্যাটেবলে মিলে যাওয়ায় এয়ার এশিয়া এয়ারলাইন্স থেকে যাওয়া-আসার টিকিট কিনে বাসার ফিরছেন।
রাশিয়ার রাশ-বাংলা এয়ারলাইন্সের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শাহরিয়ার রহমান সমকালকে বলেন, রুশ সরকার বাংলাদেশ থেকে ভ্রমণপিপাসুদের সে দেশে আমন্ত্রণ জানায়। সেইলক্ষ্যে তারা এ মেলায় অংশ নিয়েছেন। মেলা থেকে যারা টিকিট কিনবেন, তাদের জন্য বিশেষ সুবিধা রয়েছে। এ ছাড়া উচ্চশিক্ষা, হলিডে প্যাকেজ, ব্যবসার জন্য যারা যেতে চান, তারাও বিশেষ ছাড় পাবেন। মেলা উপলক্ষে সর্বোচ্চ ৬৯ হাজার টাকা পর্যন্ত ছাড়ের ব্যবস্থা আছে।
থাইল্যান্ডের চুলারাট ১১ ইন্টারন্যাশনাল হাসপাতালে বাংলাদেশ থেকে যেসব রোগী যেতে চান, তাদের হয়ে সমন্বয়কের ভূমিকা পালন করেন মাহমুদুর রহমান রনি। তিনি বলেন, ‘মেলায় এবারই প্রথম অংশ নিয়েছি। বাংলাদেশ থেকে ক্যান্সার আক্রান্ত, অর্থোপেডিক ও গাইনি রোগে আক্রান্তরা থাইল্যান্ডে উন্নত চিকিৎসা নিতে পারবেন।’ হাসপাতালের সেবিকা প্রিন্সেস ডায়ানা বলেন, ‘আমাদের হাসপাতাল রোগীদের সর্বোচ্চ আন্তরিকতায় সেবা দেয়।’
বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতাল থাইল্যান্ডের বিপণন কর্মকর্তা কাজী মোহাম্মদ রাসেল বলেন, ‘মেলায় অষ্টমবারের মতো অংশ নিচ্ছি। বাংলাদেশ থেকে হাসপাতালটিতে চিকিৎসা নিতে আগ্রহীদের তথ্য দেওয়া হয়।’ এমিরেটস এয়ারলাইন্সের বিক্রয় ব্যবস্থাপক সৈয়দ ইমরান বিন ইউসুফ বলেন, আমাদের এয়ারলাইন্স বাংলাদেশে গত বছরে প্রথম লঞ্চ করেছে। আমরা মেলায় দ্বিতীয়বার অংশ নিচ্ছি।
সিয়াম হলিডেজের ব্যবস্থাপনা পরিচালক বাবুল উদ্দিন বলেন, মেলার শুরু থেকে অংশ নিয়ে আসছি। যারা বিদেশ ভ্রমণ করতে চান, তাদের ভিসা, টিকিট, হোটেল ও ট্যুর প্যাকেজের মাধ্যমে সহযোগিতা করা আমাদের লক্ষ্য। ফ্লাই আহাদ এভিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাইনুল আহাদ শাওন বলেন, সরাসরি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ মূল উদ্দেশ্য। সরাসরি যোগাযোগ করলে অন্যদের থেকে কিছুটা বেশি সুবিধা পাওয়া যাবে।
এয়ার এশিয়ার বিপণন নির্বাহী শেখ মান্নান হোসেন ডলার বলেন, যারা মেলা চলাকালে টিকিট কিনবেন, তারা পাবেন ভাড়ায় ১০ শতাংশ ছাড়। শ্রীলঙ্কা এয়ারলাইন্স বাংলাদেশের বিপণন ব্যবস্থাপক তাওহীদ আহমেদ বলেন, মানুষকে জানান দেওয়াই মেলায় অংশ নেওয়ার লক্ষ্য। মেলা উপলক্ষে ঢাকা-কলম্বো-ঢাকা সরাসরি যাওয়া-আসায় ১৫ শতাংশ মূল্য ছাড় রয়েছে।
টোয়াবের সভাপতি মো. রাফেউজ্জামান বলেন, মেলায় অংশ নিয়েছে দেশি-বিদেশি ১২০টির বেশি সংস্থা ও প্রতিষ্ঠান। প্রায় ২২০টি স্টল ও ২০টি প্যাভিলিয়নে তারা পণ্য ও সেবা প্রদর্শন করছেন। মেলায় অংশ নেওয়াদের মধ্যে আছে– জাতীয় পর্যটন সংস্থা, বিভিন্ন এয়ারলাইন্স, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ট্রাভেল এজেন্সি, আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও পর্যটন-সংশ্লিষ্টরা।
এবার পাকিস্তান, নেপাল ও ভুটানের জাতীয় পর্যটন সংস্থা ও ট্যুরিজম অ্যাসোসিয়েশন অংশ নিয়েছে। এ ছাড়া পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, শ্রীলঙ্কা, ফিলিপাইন, তুরস্ক ও স্বাগতিক বাংলাদেশের ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা অংশ নিয়েছেন। তারা দেশি ও বিদেশি গন্তব্যে এয়ার টিকিট, তারকা হোটেলগুলোয় রুম বুকিং, ভ্রমণ প্যাকেজসহ নানা ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় দিচ্ছেন।
এবারের মেলায় প্রবেশ মূল্য রাখা হয়েছে জনপ্রতি ৫০ টাকা। তবে ছাত্রছাত্রী, মুক্তিযোদ্ধা ও জুলাইযোদ্ধাদের জন্য মেলায় প্রবেশ উন্মুক্ত থাকবে।
