ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

উল্টে যাওয়া অটোরিকশায় ট্রাকের ধাক্কা, তিন নারীসহ নিহত ৬

হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

উল্টে যাওয়া অটোরিকশায় ট্রাকের ধাক্কা, তিন নারীসহ নিহত ৬
×

বসুরহাট যাওয়ার পথে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উল্টো পাশে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে অনেকদূর টেনে নিয়ে যায়। ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫ | ০৪:৫০

নোয়াখালীর কবিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া সিএনজিচালিত একটি অটোরিকশায় ট্রাকের ধাক্কায় তিন নারীসহ ছয়জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে কবিরহাট-বসুরহাট সড়কের কবিরহাট ইসলামিয়া আলিম মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। অটোরিকশাটি মাইজদী শহর থেকে বসুরহাট যাচ্ছিল। 

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, বসুরহাট যাওয়ার পথে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উল্টো পাশে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে অনেকদূর টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন। আহত দুই নারীসহ তিনজনকে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে হাসপাতালে পাঠান। 

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। বাকিরা হলেন–অটোরিকশার যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া গ্রামের সিরাজুল হকের ছেলে মো. সুমন (৩০), নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী ও সেনবাগ উপজেলার ফকিরহাট গ্রামের আবুল কাশেমের ছেলে তানিম হাসান (২২) ও কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মৃত খুরশিদ আলমের ছেলে অটোরিকশাচালক মো. শাহ আলম (৪৭)। 

কবিরহাট থানার ওসি শাহীন মিয়া বলেন, ‘দুর্ঘটনার পরপরই চালক ঘাতক ট্রাকটি রেখে পালিয়ে গেছেন। আমরা তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করছি। এ ঘটনায় মামলা হবে।’
 
হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা রয়েল পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

মির্জাপুরে বাসচাপায় অটোচালকসহ নিহত ২
টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা আন্ডারপাসের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন–মির্জাপুরের গোড়াই ইউনিয়নের রানাশাল গ্রামের আজিম উদ্দিনের ছেলে অটোচালক রহিজ উদ্দিন সিকদার (৪৬) ও যাত্রী দেওহাটা গ্রামের মৃত আজগর আলীর ছেলে আব্দুল হামিদ (৬০)।

বন্ধুর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তরুণীর মৃত্যু
রাজবাড়ীর গোয়ালন্দে ঘুরতে গিয়ে বন্ধুর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সুমাইয়া আক্তার (১৮) নামে এক তরুণী নিহত হয়েছেন। গত সোমবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুমাইয়া দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া হোসেন মণ্ডলেরপাড়া গ্রামের মজিবর প্রামাণিকের মেয়ে।

এ ঘটনায় সুমাইয়ার ভাই শাহজালাল উদ্দিন আহলাদিপুর হাইওয়ে থানায় মামলা করার পর গতকাল মোটরসাইকেল চালক সুমাইয়ার বন্ধু সজিব প্রামাণিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সজিব একই গ্রামের কিরণ প্রামাণিকের ছেলে।

(সংশ্লিষ্ট প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো তথ্য)

আরও পড়ুন

×