ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বন ধ্বংসকারীদের প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে: রিজওয়ানা হাসান

বন ধ্বংসকারীদের প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে: রিজওয়ানা হাসান
×

বন্যপ্রাণী, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে নিয়োজিত স্বেচ্ছাসেবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫ | ২০:২৯

পরিবেশ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তরুণদের উদ্দেশে বলেছেন, বন্যপ্রাণী রক্ষায় একীভূত কণ্ঠস্বর অত্যন্ত প্রয়োজন। যারা বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস করে অর্থনৈতিক যুক্তি তুলে জনসমর্থন নিতে চায়, তাদের প্রতিরোধে সচেতনতা, ভালোবাসা ও সঠিক তথ্য ছড়িয়ে দিতে হবে। শনিবার রাজধানীর আগারগাঁও বন ভবনে বন্যপ্রাণী, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে নিয়োজিত স্বেচ্ছাসেবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, বন্যপ্রাণী রক্ষায় নতুন প্রজন্মের অগ্রণী ভূমিকা আজ অনস্বীকার্য। বন্যপ্রাণী উদ্ধার, পরিচর্যা ও প্রকৃতিতে পুনর্বাসনে তরুণদের যে ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে, তা দেশের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। বন্যপ্রাণী নিরাপত্তা ও সংরক্ষণে সাধারণ মানুষের আগের তুলনায় সচেতনতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

উপদেষ্টা বলেন, মানুষ ও প্রকৃতি পাশাপাশি টিকিয়ে রাখার নৈতিক মূল্যবোধ সামনে রেখে কাজ করতে হবে। আমাদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ জীবজগতের প্রতি সহমর্মিতা ও সংরক্ষণশীল আচরণের শিক্ষা দেয়। অসহায় মানুষ ও অসহায় প্রাণীর পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা।

সভায় তিনি ঘোষণা করেন, আগামী বছর ৬৪ জেলায় ৬৪ জন বন্যপ্রাণী কর্মীকে স্বীকৃতি দেওয়া হবে। এর মাধ্যমে নতুন প্রজন্ম আরও উৎসাহিত হবে এবং প্রতিটি জেলায় বন্যপ্রাণী সংরক্ষণে একজন প্রতিনিধিত্বশীল কর্মী সামনে আসবেন। 

উপদেষ্টা জানান, বন্যপ্রাণী অপরাধ মোকাবিলায় নতুন ইউনিট গঠনের অনুমোদন দিয়েছে সরকার। পাশাপাশি চলমান উদ্ধার কার্যক্রমে আধুনিক সরঞ্জাম ও পরিবহন সহায়তা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক ড. ছগীর আহমেদ, জীববৈচিত্র্য বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আলী রেজা খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ও এ্যানিমেল সায়েন্সেস অনুষদের প্রতিষ্ঠাতা ডীন ড. জালাল উদ্দিন সরদার এবং বিবিসিএফের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ড. মোল্যা রেজাউল করিম। 

অনুষ্ঠানে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদানের জন্য ড. মোহাম্মদ আলী রেজা খানসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়।

আরও পড়ুন

×