নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নতুন ত্রাণ কার্যক্রম নয়: ইসি
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫ | ২০:৪৮
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে প্রভাবমুক্ত ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনি এলাকায় নতুন করে কোনো অনুদান বা ত্রাণ বিতরণ কার্যক্রম গ্রহণ করা যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে আগে থেকে চলমান ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সাংবিধানিক এই সংস্থাটি।
মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব বরাবরে ইসি'র উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত পাঠানো চিঠি থেকে বিষয়টি জানা গেছে।
এতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচন প্রভাবমুক্ত রাখা ও আচরণবিধি যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে নির্বাচন সমাপ্ত না হওয়া পর্যন্ত নির্বাচনি এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে নতুন করে কোনো প্রকার অনুদান বা ত্রাণ বিতরণ কার্যক্রম নেওয়া যাবে না বলে ইসি সিদ্ধান্ত নিয়েছে। তবে যেসব অনুদান বা ত্রাণ কার্যক্রম আগে থেকে পরিচালিত হচ্ছে, তা চালু থাকবে।
এতে আরও বলা হয়, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নতুনভাবে কোনো প্রকার অনুদান বা ত্রাণ বিতরণ কার্যক্রম স্থগিত রাখার জন্য অনুরোধ করা হলো। কোনো এলাকায় অনুদান বা ত্রাণ বিতরণ সংক্রান্ত নতুন কার্যক্রম নেওয়া জরুরি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা জেলা প্রশাসকের মাধ্যমে বিতরণ কার্যক্রম পরিচালনা করতে হবে। সেটা নির্বাচন কমিশনকেও অবহিত করতে হবে।
- বিষয় :
- নির্বাচন কমিশন
- ত্রাণ বিতরণ
