টেকসই উন্নয়নে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাঠামোগত সংস্কার প্রয়োজন
রাজধানীর শেরেবাংলানগরে পরিকল্পনা কমিশনের নাজিয়া সালমা ভবন মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫ | ০৩:৪৭ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ | ০৩:৪৭
প্রকল্প নেওয়া হবে শেষ হবে। শেষ হলে আবার শুরু হবে–এ ধরনের বাস্তবতা দিয়ে জাতীয় টেকসই রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয়। টেকসই উন্নয়নে রাষ্ট্রীয় সংস্থা ও প্রতিষ্ঠানের কাঠামোগত সংস্কার প্রয়োজন। প্রতিষ্ঠান সক্ষম হলে সংশ্লিষ্ট প্রকল্পের কোথায় দুর্বলতা আছে সেটা সহজেই বের করা সম্ভব।
পরিকল্পনা কমিশনের কার্যপরিধি ও প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সোমবার এই মন্তব্য করেছেন পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতার।
পরিকল্পনা ও উন্নয়নবিষয়ক সাংবাদিকদের সংগঠন ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) সদস্যদের অংশগ্রহণে আয়োজিত কর্মশালাটি রাজধানীর শেরেবাংলানগরে পরিকল্পনা কমিশনের নাজিয়া সালমা ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিজেএফবির সভাপতি হামিদ উজ জামান, সাধারণ সম্পাদক আবু হেনা মুহিব, পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব এস, এম, রেজাউল মোস্তফা কামাল, যুগ্মসচিব মো. গোলাম মোছাদ্দেক, ড. সাদিয়া শারমিন প্রমুখ।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দুর্বলতা প্রসঙ্গে পরিকল্পনা সচিব আরও বলেন, রাষ্ট্রায়াত্ত বিমান, রেলওয়ে, মিল্কভিটার মত সরকারি প্রতিষ্ঠান নানা সমস্যায় জর্জরিত। এমন সংস্থার ক্ষেত্রে প্রকল্পের মাধ্যমে সাময়িকভাবে অর্থায়ন করে প্রতিষ্ঠানকে কিছুটা সচল করা হয়। কিন্তু প্রকল্প শেষ হলেই প্রতিষ্ঠানটি আবার আগের অবস্থায় ফিরে যায়। কোন কোনটি লোকসান টানতে পেরে শেষ পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আদমজী জুট মিলসহ এরকম অনেক উদাহরণ আছে। এরকম বাস্তবতার মূল কারণ হলো দীর্ঘমেয়াদে কার্যক্রম চালানো ও রক্ষণাবেক্ষণের কোনো টেকসই পরিকল্পনা থাকে না। এখানে মনোযোগ দিতে হবে। নির্দিষ্টসময়ভিত্তিক সংস্কার পরিকল্পনা নিতে হবে।
সচিব বলেন, ডিজেএফবির সদস্যরা পরিকল্পনা কমিশনের ভালো দিক যেমন তুলে ধরে তেমনি নানান অসংগতি নিয়ে সমালোচানমূলক প্রতিবেদনও তুলে ধরেন। সরকারের উন্নয়ন কার্যক্রম যা কমিশনের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় বড় ধরনের ভূমিকা রাখছে।
পরিকল্পনা কমিশনের পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সাবেক প্রধান অতিরিক্ত সচিব মো. ছায়েদুজ্জামান উন্নয়ন প্রকল্প শুরু থেকে বাস্তবায়ন পর্যন্ত পর্যন্ত গোটা প্রক্রিয়া বাস্তবায়ন কৌশলের বিষয়ে বিস্তারিত তুলে ধরে। এই প্রক্রিয়ায় কোথায় অনিয়ম এবং অস্বচ্ছতা থাকে সে বিষয়ে ধারণা দেন তিনি। বিভিন্ন জাতীয় গণমাধ্যমের প্রতিনিধি ডিজেএফবির সদস্যরা কর্মশালায় অংশ নেন।
- বিষয় :
- টেকসই উন্নয়ন
