কেনাকাটায় দুর্নীতি
এম মনসুর আলী মেডিকেলের দু'জনের নামে মামলা
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ আগস্ট ২০২০ | ১০:৩৪
সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল সামগ্রী কেনাকাটায় দুর্নীতির অভিযোগে হাসপাতালটির প্রকল্প পরিচালক ডা. কৃষ্ণ কুমার পালসহ দু'জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় এ দু'জনের বিরুদ্ধে সরকারের ৩০ কোটি ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
সোমবার দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে কমিশনের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামি হলেন মেসার্স বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানির মালিক ও ঠিকাদার জাহের উদ্দিন সরকার। আসামি ডা. কৃষ্ণ কুমার পাল শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ ও ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন শীর্ষক প্রকল্পের পরিচালক।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি অর্থ আত্মসাতের উন্মুক্ত দরপত্র ছাড়া সরাসরি ক্রয় পদ্ধতিতে মেসার্স বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানির মাধ্যমে হংকংয়ের ফারভেন্ট কোম্পানি থেকে মেডিকেল যন্ত্রপাতি ক্রয়/সরবরাহের নামে ১৩২ কোটি ৫০ লাখ ৪ হাজার টাকার ফান্ড স্থানান্তর করে।