মাদক মামলায় জীবন নষ্ট করে দেব, মুম্বাইয়ে ছাত্রদের পুলিশের হুমকি
বিক্ষোভকারীদেরকে পুলিশের হুমকি দেওয়ার মুহূর্ত। ছবি: ভিডিও থেকে নেওয়া
ইন্ডিয়া টুডে
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ১৫:৫৪ | আপডেট: ২৩ জুলাই ২০২৬ | ১৬:০২
আটক হওয়া ছাত্ররা আবার বিক্ষোভে অংশ নিলে তাদের ‘জীবন নষ্ট’ করে দেওয়ার হুমকি দিয়েছেন ভারতের মুম্বাই পুলিশের এক সদস্য। এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় উঠেছে। দিল্লিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন মহারাষ্ট্রের এই শহরটিতেও দানা বাঁধছে।
হুমকি দেওয়ার ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়ায় গতকাল বুধবার। এতে দেখা যায়, আটকের পর একটি পুলিশ ভ্যানে তুলে কয়েক শিক্ষার্থীকে হুমকি দিচ্ছেন পুলিশের এক সদস্য। ওই ভিডিওটি ছাত্রদের মধ্যেই কেউ একজন ধারণ করেছে। পুলিশের সদস্য বলেন, বিক্ষোভে ফিরে গেলে তাদের বিরুদ্ধে মাদকের মিথ্যা মামলা দেওয়া হবে। এক সময় তিনি বলেন, ‘এই মামলা দিয়ে জীবন নষ্ট করে দেব।’
মুম্বাই পুলিশের ওই সদস্য ছাত্রদের উদ্দেশে আরও বলেন, ‘জামিন পাবে না, জেলে পচে মরতে হবে।’ তখন গাড়ির পেছনের সিটে বসা এক ছাত্রকে হাসতে দেখা যায়। এরপর পুলিশ সদস্য বলেন, ‘আবার যদি তোমাদের বিক্ষোভে দেখি, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। তোমাদের পকেটে ৫০ গ্রাম পাউডার (মাদক) ঢুকিয়ে দেব। তখন তোমাদের জীবন শেষ। জামিনও পাবে না।’
হুমকির পাশাপাশি পুলিশ সদস্যের এক সরল স্বীকারোক্তিও ছিল। তাকে বলতে শোনা যায়, ‘তোমাদের জন্য আমরাই ভুগছি।’ ঘটনাটির ভিডিও কংগ্রেস ও ককরোচ জনতা পার্টি (সিজেপি) সামাজিক মাধ্যমে শেয়ার করেছে। এরপর মুম্বাই পুলিশ তাদের ওই সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি তদন্তের নির্দেশ দেয়।
মুম্বাইয়ের ডিসিপি (অভিযান) আকবর পাঠান বলেন, ‘এ বিষয়ে তথ্য যাচাইয়ের পর ব্যবস্থা নেওয়া হবে।’
প্রশ্নফাঁসের তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে শুরু হওয়া ছাত্রদের আন্দোলন মুম্বাইয়েও ছড়িয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে মুম্বাইয়ের রাস্তায় কয়েক’শ বিক্ষোভকারীর উপস্থিতি দেখা গেছে। গত সোমবার দিল্লিতে পুলিশের লাঠিপেটার ঘটনার পর এই উপস্থিতি আরও জোরালো হয়েছে।
মুম্বাইয়ের শিবাজি পার্ক, চেম্বুর এবং আজাদ ময়দানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় শিক্ষার্থীদের বড় সংখ্যক উপস্থিতি ছিল। সেখানে বলিউড তারকা ইমরান খানের মতো ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
- বিষয় :
- মুম্বাই
- বিক্ষোভ
- পুলিশ
- হুমকি
- মাদক মামলা
- ছাত্র আন্দোলন
- ভারত