জাবেদের দুই ভাইসহ ৯৪ জনের বিরুদ্ধে দুদকের ৭ মামলা
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক ও চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬ | ২৩:৪৬
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুই ভাইসহ ৯৪ জনের বিরুদ্ধে সাতটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাতটি ভুয়া প্রতিষ্ঠানের নামে হিসাব খুলে চট্টগ্রামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) চারটি শাখা থেকে ৪৬ কোটি ৭৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এসব মামলা হয়েছে।
রোববার কমিশনের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাগুলো করা হয়। দুদকের জনসংযোগ শাখা থেকে এই তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, দুদক ঢাকার প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে যৌথ অনুসন্ধান টিমের (জিট) সদস্যরা ওই সাতটি অভিযোগ অনুসন্ধান করেছেন। অনুসন্ধান শেষে আলাদা প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হয়। কমিশন সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে এরই মধ্যে মামলার অনুমোদন দিয়েছে। অনুসন্ধান দলের সদস্যরা আলাদাভাবে মামলাগুলো করেছেন।
এর আগে এই টিমের সদস্যরা নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট অন্যদের বিরুদ্ধে ১৩টি মামলা করেছেন। আজকের সাত মামলায় সাইফুজ্জামান চৌধুরীকে আসামি করা হয়নি। তাঁর দুই ভাইসহ সংশ্লিষ্ট অন্যদের আসামি করা হয়। ৯৪ জন আসামির মধ্যে কাউকে কাউকে একাধিক মামলায় আসামি করা হয়েছে।
দুদক জানায়, চার শাখা থেকে ৪৬ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা আত্মসাতে মূল ভূমিকা রাখেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই, ব্যাংকের সাবেক পরিচালক, ইসি কমিটির চেয়ারম্যান ও সদস্য যথাক্রমে আনিসুজ্জামান চৌধুরী রনি এবং বশির আহমেদ। তারা কর্মচারীদের দিয়ে ঋণের নামে ব্যাংকের বিভিন্ন শাখা থেকে বিপুল অর্থ আত্মসাৎ ও পাচার করেছেন।
দুদক বলেছে, চট্টগ্রামের বিভিন্ন গ্রামের কৃষক, দিনমজুর, দর্জি, সেলসম্যানকে ব্যবসায়ী সাজিয়ে সাতটি ভুয়া হিসাব খুলে ঋণের নামে ওই পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়।
এর মধ্যে ব্যাংকের চট্টগ্রামের চকবাজার শাখায় ভুয়া কোম্পানি হোছন ট্রেডিং, কর্ণফুলী এম্পোরিয়াম ও জহির ইন্টারন্যাশনাল, পোর্ট শাখায় ক্যাটস আই করপোরেশন, পাহাড়তলী শাখায় শাহ ট্রেডিং, হারুন অ্যান্ড সন্স, বহদ্দারহাট শাখায় মল্লিক অ্যান্ড ব্রাদার্সের নামে হিসাব খোলা হয়।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন– সাবেক পরিচালক বশির আহমেদ, আনিসুজ্জামান চৌধুরী, আসিফুজ্জামান চৌধুরী, হাজি ইউনুছ আহমদ, নুরুল ইসলাম চৌধুরী, এম এ সবুর, চকবাজার শাখার ভিপি ও শাখাপ্রধান আব্দুল হামিদ চৌধুরী, জুনিয়র অফিসার সারাবান তহুরা, এক্সিকিউটিভ অফিসার জেসমিন সুলতানা, এফএভিপি ও ম্যানেজার অপারেশন মোহাম্মদ জসীম উদ্দিন, জুনিয়র অফিসার ইমতিয়াজ মাহবুব, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ও ক্রেডিট ইনচার্জ হোসনি মোবারক জিকো, আলোক ইন্টারন্যাশনালের মালিক প্রদীপ কুমার বিশ্বাস, বি অ্যান্ড বি ইলেকট্রনিক্সের কর্মচারী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মো. দিদারুল আলম চৌধুরী, মো. সুমন, সাবেক ভাইস চেয়ারম্যান বজল আহমেদ বাবুল।
এজাহারে বলা হয়, আসামিরা দণ্ডবিধি ১৮৬০-এর ৪০৬/ ৪০৯/ ৪২০/ ৪৬৭/ ৪৬৮/ ৪৭১/ ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪ (২) (৩) ধারা লঙ্ঘন করেছেন।
- বিষয় :
- দুদক
- মামলা
- সাইফুজ্জামান চৌধুরী জাবেদ
