আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
নানক-তাপসসহ ২৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬ | ১৯:৪২ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ | ২১:২১
জুলাই গণঅভ্যুত্থানের সময় মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক ২৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) শুনানি শেষে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ রোববার এ আদেশ দেন। আগামী ২৯ জানুয়ারি এ বিষয়ক প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এদিন এই মামলায় গ্রেপ্তার হওয়া চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তারা হলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।
পলাতক আসামির মধ্যে আরও রয়েছেন– ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এদিন সকালে ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট শাখায় তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।
শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আসামিদের উস্কানি-প্ররোচনা ও প্রত্যক্ষ-পরোক্ষ উপস্থিতিতে ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই নিরীহ ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানো হয়। এতে মোহাম্মদপুরে ৯ জন শহীদ হন। যার পর্যাপ্ত তথ্যপ্রমাণ ও ভিডিও আমাদের হাতে রয়েছে। একই সঙ্গে এই মামলায় ৫০ জন সাক্ষী রয়েছেন।
