ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গুলি করা ব্যক্তিকে ৩ বছরের সাজা দিয়ে শহীদদের অপমান করা হয়েছে: আনাসের মা

গুলি করা ব্যক্তিকে ৩ বছরের সাজা দিয়ে শহীদদের অপমান করা হয়েছে: আনাসের মা
×

শহীদ শাহারিয়ার খান আনাসের বাবা, মা ও মামা। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬ | ২০:৩৩

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড হলেও অন্য তিন আসামির কারাদণ্ডের রায়ে ক্ষুব্ধ শহীদ শাহারিয়ার খান আনাসের বাবা-মা। আজ সোমবার রায়ের পর আনাসের মা সানজিদা খান দীপ্তি এ রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘গুলি করা ব্যক্তিকে নাম মাত্র সাজা দিয়ে শহীদদের অপমান করা হয়েছে। আনাসকে যে সরাসরি গুলি করল, তার মাত্র তিন বছরের শাস্তি। এটা মেনে নেওয়া যায় না?’  

তিনি আরও বলেন, ‘যদি তিন বছরের কারাদণ্ড দেওয়া হয় সেটা কি আসলেই যৌক্তিক কোনো রায় হয়েছে বলে আপনারা মনে করেন? আমি তো মনে করি না। কারণ আমি আমার সন্তান হারাইছি। সব প্রমাণ সাবমিট করার পরও যদি তার (আসামির) তিন বছরের রায় হয়, ভবিষ্যতে মানুষ আরও .. হবে, যে কী হবে? মারব, তিন বছরের সাজা হবে, তারপর শেষ। আমাদের শহীদ পরিবারের সঙ্গে বৈষম্য করা হয়েছে।’ 

রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ বলেন, ‘এ রায়ে শহীদ পরিবার আহত হয়েছে। কেননা ঘাতকের সরাসরি গুলির ভিডিও, ফুটেজ থাকা সত্ত্বেও তাকে নাম মাত্র সীমিত সাজা দেওয়া হয়েছে। রায়ে আমরা অসন্তোষ প্রকাশ করছি।’ কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘এ সাজার ফলে নিহতদের পরিবার, বরং নিরাপত্তাহীনতাই ভুগবে।’

নিহত মো. ইয়াকুবের মা রহিমা আক্তার ক্ষুব্ধ হয়ে বলেন, ‘এটা তো কোনো রায়ই হয়নি। তিন বছর পর ওরা বাইর হয়ে যাবে। তাদের তো সাহস বাইরা গেছে। তখন আমরাই তো নিজের জান লইয়া ঘুরতে পারব না।’

আরও পড়ুন

×