স্বাধীনতার পর একটি ভোটও বাদ যায়নি ৯৫ বছর বয়সী মসকুনারার
ভোট দিতে কেন্দ্রে হাজির ফুলবাড়ীর ৯৫ বছর বয়সী মসকুনারা খাতুন - সমকাল
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৮:১০
স্বাধীনতার পর থেকে কোনো নির্বাচনেই তার ভোটাধিকার বৃথা যেতে দেননি তিনি। সেই ধারাবাহিকতা বজায় রাখতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও বয়সকে তুড়ি মেরে কেন্দ্রে হাজির হলেন ৯৫ বছর বয়সী বৃদ্ধা মসকুনারা খাতুন। বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সিদ্দিশি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যখন লাঠিতে ভর দিয়ে তিনি ভোটকক্ষে প্রবেশ করছিলেন, তখন সেখানে উপস্থিত তরুণ ভোটারদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
পরিবারের সদস্যদের সহায়তায় কেন্দ্রের ফটক পর্যন্ত এলেও ভোট প্রদানের মূল কক্ষে তিনি একা এবং দৃঢ় পদক্ষেপে প্রবেশ করেন। নাগরিক দায়িত্ব পালনের তৃপ্তি নিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার সময় মসকুনারা খাতুন বলেন, ‘স্বাধীনতার পর যতবার নির্বাচন হয়েছে, কখনও ভোট দেওয়া বাদ দিইনি। যতদিন বেঁচে থাকব, ভোট দিয়ে যাব। এটা আমার দায়িত্ব।’
মসকুনারা খাতুনের এই অদম্য ইচ্ছাশক্তি যেন নতুন প্রজন্মের ভোটারদের জন্য এক নীরব কিন্তু শক্তিশালী বার্তা দিয়ে গেল। ৯৫ বছর বয়সী এই বৃদ্ধার অংশগ্রহণ কেবল একটি ভোট নয়, বরং গণতন্ত্রের প্রতি সাধারণ মানুষের গভীর আস্থা ও নাগরিক সচেতনতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে নজর কেড়েছে সবার।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আহমেদ হাছান জানান, প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন ভোটারদের অগ্রাধিকার দিতে কেন্দ্রগুলোতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। দিনাজপুর-৫ আসনের প্রতিটি কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।
