ডিএমপির বিজ্ঞপ্তি
শপথ অনুষ্ঠান ঘিরে যান চলাচল সীমিত থাকবে কিছু সড়কে
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ০২:০৬ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:৫০
নবনির্বাচিত সংসদ সদস্য ও নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান উপলক্ষে জাতীয় সংসদ ভবন ঘিরে কিছু এলাকায় যান চলাচল সীমিত থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার অনুষ্ঠানটি চলাকালে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এ সময় মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আসা ফার্মগেটমুখী যানবাহন প্রতিরক্ষা গ্যাপ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে যেতে হবে। আর ধানমন্ডি ২৭ থেকে আসা যানবাহন আসাদগেট-প্রতিরক্ষা গ্যাপ দিয়ে ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি হয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে যাবে।
এদিকে আসাদগেট থেকে ফার্মগেট যেতে হলে আসাদগেট থেকে বাঁয়ে মোড় নিয়ে গণভবন ক্রসিং-প্রতিরক্ষা গ্যাপ-ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট যাওয়া যাবে। আর এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে আসা যানবাহন খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র হয়ে বাঁয়ে মোড় নিয়ে প্রতিরক্ষা গ্যাপ-বাঁয়ে মোড় নিয়ে আসাদগেট হয়ে ধানমন্ডির দিকে যাবে। অনুষ্ঠান চলাকালে যানজট ও দুর্ভোগ এড়াতে ফার্মগেট এক্সিট র্যাম্পের বদলে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প সচল থাকবে।
এদিকে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ব্যারিকেড সরিয়ে ফেলা হবে। তাই মিরপুর রোড থেকে দক্ষিণমুখী যানবাহন শ্যামলী-শিশুমেলা-গণভবন-আসাদগেট থেকে সোজা ধানমন্ডি ২৭ নম্বরের দিকে যেতে পারবে।
- বিষয় :
- ডিএমপি
- শপথ অনুষ্ঠান
