কুয়েতসহ উপসাগরীয় দেশগুলোর প্রতি বাংলাদেশের সংহতি
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | ০৮:২৩
| প্রিন্ট সংস্করণ
কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও কাতারের প্রতি সংহতি জানিয়েছে বাংলাদেশ। গতকাল সোমবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এ সংহতি প্রকাশ করেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জারাহ জাবের আল আহমেদ আল সাবাহ, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল লতিফ বিন রশিদ আল জায়ানি, আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি গতকাল পররাষ্ট্রমন্ত্রীকে পৃথকভাবে টেলিফোন করেন। টেলিফোনে তারা চলমান সংকট সম্পর্কে এবং বাংলাদেশি অভিবাসীদের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী দেশগুলোর প্রতি সংহতি জানান।
অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ওপর হামলা চালিয়ে তাঁকে হত্যা করা হয়েছে। তাঁকে হত্যা করা হয়েছে জেনে বাংলাদেশ সরকার দুঃখিত। খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির লঙ্ঘন। ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে ঢাকা। বাংলাদেশ বিশ্বাস করে, সংঘাতের মাধ্যমে কোনো সমাধান হয় না। কেবল সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্যই বিরোধের সমাধান করতে পারে।
গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলায় চালায়। পরদিন ইরানের পক্ষ থেকে স্বীকার করা হয়, হামলায় আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের কয়েকজন নিহত হয়েছেন।
এর আগে গত রোববার এক বিজ্ঞপ্তিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরানের হামলার নিন্দা জানিয়েছিল বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ এ অঞ্চলের কিছু দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানাচ্ছে বাংলাদেশ।
- বিষয় :
- উপসাগরীয় দেশ
