ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে আবৃত্তিশিল্পীদের সম্মিলিত কর্মসূচি
ছবি : সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | ২২:৪৪
দেশে শিশু ও নারী ধর্ষণ এবং নিপীড়নের ধারাবাহিক ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন দেশের সম্মিলিত আবৃত্তিশিল্পীরা। দ্রুত বিচার ট্রাইব্যুনালে ধর্ষণ মামলার বিচার সম্পন্ন করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে মঙ্গলবার বিকেল ৪টায় আয়োজিত হয় এই প্রতিবাদী আবৃত্তি অনুষ্ঠান।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে “চিৎকার করো মেয়ে, দেখি কতদূর গলা যায়”-স্লোগানে আয়োজিত কর্মসূচি শুরু হয়। এরপর আবৃত্তি ও বক্তব্যের মাধ্যমে শিল্পীরা দেশে অব্যাহত নারী ও শিশু নির্যাতনের চিত্র তুলে ধরেন এবং সারাদেশের মানুষকে অন্যায়ের বিরুদ্ধে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান।
শিল্পীদের বক্তব্যে উঠে আসে হতাশা ও ক্ষোভ। তারা বলেন, দীর্ঘ সময়ের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার পর আশা করা হয়েছিল.নারীরা নিরাপদ হবে, ঘরে-বাইরে, হাটে-মাঠে-ঘাটে নির্ভয়ে চলাচল করতে পারবে। কিন্তু বাস্তবে নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনা কমেনি; বরং উদ্বেগজনকভাবে বেড়েছে।
তারা ধর্ষণসহ নারী নির্যাতনের সব ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। বিশেষ করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা নিষ্পত্তির মাধ্যমে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
কর্মসূচিতে আবৃত্তি পরিবেশন করেন সামছুদ্দোহা পাটোয়ারি, সঙ্গীতা খান, মুমু মাহিনুর, অনন্যা মাহমুদ, আঞ্জুমান লায়লা নওশিন, ফাহমিদা সূচনা, মাসুদ মনিরুল, মাহি ফারহানা, শারমিন জুই, কামরুজ্জামান, মাহবুবুর রহমান টুনু, লিজা তাসলিমা, শিরীন বেবী, ইশরাত ঝিমিসহ আরও অনেকে। আবৃত্তির ফাঁকে ফাঁকে পরিবেশিত হয় প্রতিবাদী গান।
আয়োজনে সংহতি প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গীতি আরা নাসরিন এবং বটতলাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
কর্মসূচির সমন্বয় করেন আবৃত্তিশিল্পী আঞ্জুমান লায়লা নওশিন, অনন্যা মাহমুদ ও তাসনুভা মোহনা। আয়োজকরা বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই সাংস্কৃতিক প্রতিবাদ চলবে।
