ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

৬ দিনে ২১০ ফ্লাইট বাতিল 

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা

৬ দিনে ২১০ ফ্লাইট বাতিল 
×

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট বাতিল হওয়ায় শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি  

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬ | ১৯:২৭ | আপডেট: ০৫ মার্চ ২০২৬ | ১৯:২৯

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তার কারণে ইরান, ইরাক, কুয়েতসহ সাতটি দেশের আকাশসীমা বন্ধ রয়েছে। এতে স্থবির হয়ে পড়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল।  

বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকতারা জানান, বৃহস্পতিবার ৩৪টি দেশি-বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ২১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। 

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ সময়কালকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বেবিচকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধকালীন জরুরি অবস্থায় আকাশপথ বন্ধের প্রথম দিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি ঢাকা থেকে ২৩টি ফ্লাইট বাতিল হয়। এরপর ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং ৪ মার্চ ২৮টি ফ্লাইট বাতিলের তালিকায় যুক্ত হয়। আজ ৫ মার্চ বাতিল হওয়া ৩৪টি ফ্লাইটের মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি এবং শারজাহ ভিত্তিক এয়ার অ্যারাবিয়ার সর্বোচ্চ ১০টি ফ্লাইট। এ ছাড়া এমিরেটস, গালফ এয়ার, ফ্লাই দুবাই এবং দেশীয় বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলার ফ্লাইটও এই বাতিলের তালিকায় রয়েছে।

এদিকে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, বর্তমান পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েতগামী নিয়মিত ফ্লাইট বাতিল থাকবে। 

মধ্যপ্রাচ্যের ইরান, ইরাক, বাহরাইন ও জর্ডানের মতো দেশগুলো তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখায় বিকল্প পথে ফ্লাইট পরিচালনার সুযোগও সীমিত হয়ে পড়েছে। এর ফলে হাজার হাজার প্রবাসী শ্রমিক ও সাধারণ যাত্রী বিমানবন্দরে এসে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।

 

 

আরও পড়ুন

×