ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঢাকা দক্ষিণে জলাবদ্ধতার ৩৩ হটস্পট শনাক্ত: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণে জলাবদ্ধতার ৩৩ হটস্পট শনাক্ত: ডিএসসিসি প্রশাসক
×

ছবি : সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬ | ০৪:০৫

বর্ষা মৌসুমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি করে, এমন ৩৩টি ঝুঁকিপূর্ণ স্থান বা ‘হটস্পট’ চিহ্নিত করার কথা জানিয়েছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। আগামী এক মাসের মধ্যে এসব স্থানের জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করবে সংস্থাটি।

গতকাল মঙ্গলবার সেগুনবাগিচা বক্স কালভার্ট পরিষ্কার কাজের উদ্বোধনকালে ডিএসসিসি প্রশাসক এ কথা বলেন।

হটস্পটগুলোর মধ্যে রয়েছে– ধানমন্ডি ২৭, গ্রিন রোড, নিউমার্কেট এলাকা, ঢাকা কলেজের পাশে নায়েম গলি, ইস্কাটন গার্ডেন রোড, পলাশী, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবনের সামনে, পশ্চিম মালিবাগ, খিলগাঁও থেকে মালিবাগ কমিউনিটি সেন্টার, আনন্দ বেকারি, মানিকনগর টিটিপাড়া পাম্পের সামনে, গুদারাঘাট নৌকাপাড়ের সামনে, মুগদা মেডিকেলের সামনে, গোপীবাগ বড় মসজিদের সামনে, কমলাপুর রেলস্টেশনের বিপরীতে, মতিঝিল শাপলা চত্বর, নটর ডেম কলেজের সামনে, শাহজাহানপুর মোড়, সবুজকানন গলি, মালিবাগ প্রথম লেন থেকে শান্তিবাগ ১৭ নম্বর গলি, পল্টন, দৈনিক বাংলা-ফকিরাপুল, মাদ্রাসা শিক্ষাবোর্ড, ঘোষপট্টি, আগাসাদেক রোড, সাজেদা ফাউন্ডেশন সংলগ্ন এলাকা, অভয় দাস লেন, কালেক্টর গলি, ১২ নম্বর গলি, পশ্চিম জুরাইন, সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে করাতিটোলা ও জিয়া সরণি।

আবদুস সালাম বলেন, মোট ৩৩টি হটস্পট শনাক্ত করা হয়েছে। সাধারণত চার মাসব্যাপী এই পরিষ্কার কার্যক্রম চললেও এবার তা এক মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খাল ও বক্স কালভার্ট পুনরুদ্ধার এবং সংস্কারের মাধ্যমে আমরা জলাবদ্ধতা দূর করতে চাই।

প্রশাসক বলেন, এ কাজে সিটি করপোরেশনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। বর্ষায় দ্রুত পানি নিষ্কাশন নিশ্চিত করতেই দ্রুত এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন

×