ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

এমআরডিআইর উদ্যোগ

ঢাকায় হবে জার্নালিজম কনফারেন্স

ঢাকায় হবে জার্নালিজম কনফারেন্স
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬ | ০২:০২

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনের বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স। আগামী ৮ ও ৯ মে রাজধানীর পাঁচতারকা হোটেল র‍্যাডিসন ব্লুতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে গণমাধ্যম ও বিভিন্ন পেশার পাঁচ শতাধিক প্রতিনিধি যুক্ত হবেন। আলোচক হিসেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ ১০ দেশের জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত থাকবেন।

গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। এমআরডিআই তাদের ২৫ বছর পূর্তি উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে।

হাসিবুর রহমান বলেন, স্বাধীন সাংবাদিকতার সামনে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণের লক্ষ্যেই এই আয়োজন। মালিক, সম্পাদক, সাংবাদিক, গবেষক, উন্নয়নকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধিকে এই আয়োজনের মাধ্যমে এক প্ল্যাটফর্মে আনা হচ্ছে। যাতে সাংবাদিকতার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া যায়। এমআরডিআই মনে করে, নতুন গণতান্ত্রিক প্রেক্ষাপটে সংবাদমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা তুলে ধরা জরুরি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কনফারেন্সে ১২টি সেশন থাকবে, যেখানে ২০ জনের বেশি আলোচক থাকবেন। কর্মসূচির মধ্যে থাকবে প্লেনারি সেশন, থিমেটিক সেশন, প্যারালাল ট্র্যাক ও মাস্টারক্লাস। এ ছাড়া সম্মেলনস্থলে চারটি হেল্পডেস্ক থাকবে–অনুসন্ধানী সাংবাদিকতা, তথ্য অধিকার (আরটিআই), ফ্যাক্ট চেকিং ও মানসিক স্বাস্থ্য সহায়তা।

আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে থাকবে অনুসন্ধানী সাংবাদিকতা, সংবাদমাধ্যমের স্বনিয়ন্ত্রণ, জবাবদিহি ও অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা, মুক্ত সংবাদমাধ্যমের পরিবেশ, ডিজিটাল রূপান্তর, ডেটার ব্যবহার, জেন্ডার সমতা ও সাংবাদিকদের নিরাপত্তা। কনফারেন্সে ঢাকার বাইরের ১৫ সাংবাদিকের জন্য ফেলোশিপের সুযোগ রাখা হয়েছে।

সম্মেলনে অংশ নিতে এমআরডিআইর নির্ধারিত ওয়েবসাইটে (https://bdjc.mrdibd.org/) নিবন্ধন করতে হবে। গতকাল বৃহস্পতিবার রাত ১২টা থেকে নিবন্ধন শুরু হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। নিবন্ধন শেষে আয়োজকদের বাছাই প্রক্রিয়ার পর নির্বাচিতদের কিউআর কোড দেওয়া হবে, যা প্রদর্শন করে কনফারেন্সে প্রবেশ করতে হবে। 

কনফারেন্সের নলেজ পার্টনার হিসেবে থাকবে গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ক (জিআইজেএন), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সুইডিশ সরকার। প্লাটিনাম পার্টনার হিসেবে থাকবে ইউনেস্কো ও জাতিসংঘের ‘ব্যালট প্রোগ্রাম’।

আরও পড়ুন

×