বরিশাল সিটি করপোরেশন
বিশুদ্ধ পানি সরবরাহের স্থাপনায় নির্বাহী কর্মকর্তার দুম্বার খামার
পরিচর্যার ব্যয় বিসিসি থেকে
ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে প্রধান নির্বাহী কর্মকর্তার খামারের পশুর পরিচর্যা করছেন সিটি করপোরেশনের কর্মচারীরা সমকাল
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬ | ০৮:৫৬ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ | ০৯:১৫
| প্রিন্ট সংস্করণ
বরিশাল নগরবাসীকে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য নগরীর পূর্বাংশ আমানতগঞ্জ বেলতলা ও দক্ষিণাংশ রুপাতলীতে কীর্তনখোলা নদীর তীরে স্থাপন করা হয়েছে পানি শোধনাগার। এক যুগ আগে স্থাপিত দুটি প্লান্ট বরিশাল সিটি করপোরেশন এখন পর্যন্ত চালু করতে পারেনি। এ সুযোগে রুপাতলী প্লান্টে দুম্বা ও ছাগলের খামার করেছেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজাউল বারী।
জানা গেছে, খামারের পশুর জন্য বিদেশি জাতের ঘাসের বড় দুটি বাগান করা হয়েছে। খামার দেখভাল করার জন্য বিসিসির পরিচ্ছন্ন শাখার দুই কর্মীকে সেখানে নিযুক্ত করা হয়। চিকিৎসার দায়িত্ব পালন করেন বিসিসির ভেটেরিনারি চিকিৎসক ডা. রবিউল ইসলাম। অর্থাৎ সিইওর ব্যক্তিগত এ খামারের সব ব্যয় বহন হয় বিসিসি থেকে।
এক বছর আগে খামার স্থাপন হলে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কানাঘুষা চলছিল। বিসিসির প্রশাসক পদে আমলা (বিভাগীয় কমিশনার) নিযুক্ত থাকায় দাপুটে সিইওর বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে কেউ সাহস পায়নি। এক মাস আগে প্রশাসক নিযুক্ত হন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন। তিনি বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানতে পারেন। বুধবার দুপুরে রুপাতলী প্লান্ট পরিদর্শনে গিয়ে অভিযোগের সত্যতা পান।
প্রশাসক শিরিনের ভাষ্য, তিনি বিসিসির ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট দেখতে গিয়েছিলেন। সেখানে উপস্থিতভাবে দুম্বা খামার দেখেছেন। বিষয়টি নিয়ে সার্বিক খোঁজখবর নিচ্ছেন।
বিসিসির একাধিক সূত্র জানিয়েছে, রুপাতলী পানি শোধনাগারের জায়গাতে বিসিসির সিইও প্রায় এক বছর আগে খামার স্থাপন করেছেন। সেখানে দুম্বা ও বড় জাতের ছাগল (রাম ছাগল)সহ মোট ২৮টি পশু পালন করা হয়। এজন্য প্রকল্পের দুটি স্থানে বিদেশি জাতের ঘাসের বড় দুটি বাগান করেছেন। দুটি শেড স্থাপন করা হয়েছে। পশুর দেখভালের জন্য বিসিসির দুজন পরিচ্ছন্নকর্মী মো. মেহেদি ও ইব্রাহিমকে নিযুক্ত করা হয়েছে গত ডিসেম্বর মাসে। দৈনিক মজুরিতে নিযুক্ত প্রত্যেক শ্রমিকের মাসের বেতন ১৯ হাজার ৫০০ টাকা। বিসিসির ভেটেরিনারি চিকিৎসক ডাক্তার রবিউল ইসলাম নিয়মিত খামারের পশুর চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। চিকিৎসার প্রয়োজনে গত সপ্তাহেও একটি দুম্বার অস্ত্রোপচার করেছেন ডাক্তার রবিউল।
বিসিসির প্রশাসক শিরিন বুধবার দুপুর ১২টার দিকে আকস্মিকভাবে রুপাতলী পানি শোধনাগারে যান। তখন সেখানে ১০টি দুম্বা, ১৫টি ছাগল ও একটি গরু দেখতে পান। এ সময় উপস্থিত কর্মচারীরা শিরিনকে জানান, পশুগুলোর মালিক বিসিসির সিইও।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসক পানি শোধনাগার পরিদর্শনে যাবেন এটা আগেই জানতে পেরেছিলেন সিইও। এ কারণে মঙ্গলবার গভীর রাতে কয়েকটা দুম্বা ট্রাকে করে জামালপুর জেলায় তাঁর গ্রামের বাড়িতে পাঠিয়েছেন।
সিইওর ব্যক্তিগত খামারে বিসিসির শ্রমিক নিয়োগ প্রসঙ্গে বিসিসির পরিচ্ছন্নতা শাখার প্রধান মো. ইউসুফ সাংবাদিকদের জানান, রুপাতলী ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের অভ্যন্তর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সিইও গত ডিসেম্বর মাসে সেখানে দুজন শ্রমিক নিয়োগের আদেশ দেন। তিনি সে অনুযায়ী দুজন শ্রমিক নিযুক্ত করেছেন। এর বেশি কিছু তিনি জানেন না।
বিসিসির পশু চিকিৎসক রবিউল সমকালকে বলেন, সিইও যে খামার করেছে সেটা অস্থায়ী। সিইওর অনুরোধে মাঝেমধ্যে তিনি সেখানে গিয়ে পশুর চিকিৎসা দিতেন। একজন চিকিৎসক হিসেবে যে কোনো পশুর সেবা দেওয়া তাঁর নৈতিক দায়িত্ব। তিনি সেটাই করেছেন।
সিইও রেজাউল বারী বলেন, রুপাতলী পানি শোধনাগারটি দ্রুতই চালু করা হবে। কিছু সমস্যা আছে, তা মেরামত চলছে। প্লান্টের মধ্যে পশুর খামার গড়ে তোলা প্রসঙ্গে বলেন, এটা বেলতলার প্লান্টেও আছে। দুই জায়গাতেই তাঁর অর্থায়নে এ ধরনের খামার রয়েছে।
এ ব্যাপারে প্রশাসক কিলকিস আক্তার জাহান শিরীন বলেন, রক্ষণাবেক্ষণ শেষে এ সপ্তাহে বিসিসির ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট দুটি চালু হতে পারে। প্লান্টের পতিত জমিতে হাঁস, মুরগি, গরু, ছাগল যার খামারই থাকুক না কেন দ্রুত অপসারণ করতে বলা হয়েছে। বিসিসির জমিতে সিইও ব্যক্তিগত পশুর খামার করতে পারেন কিনা– এমন প্রশ্নে তিনি বলেন, সিইও করপোরেশনের কর্মকর্তা। আর ওটা সরকারি জায়গা।
- বিষয় :
- বিশুদ্ধ পানি সরবরাহ
