ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কার্টুন শেয়ারে গ্রেপ্তার নিয়ে সংসদে বিতর্ক

ক্ষুব্ধ হাসনাত, মুক্তির আহ্বান চিফ হুইপের

কার্টুন শেয়ারে গ্রেপ্তার নিয়ে সংসদে বিতর্ক
×

জাতীয় সংসদ অধিবেশন। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬ | ২১:৪৮

কার্টুন শেয়ার করায় হাসান নাসিম নামে একজনকে গ্রেপ্তার নিয়ে সংসদে বিতর্ক হয়েছে। আজ রোববার সংসদে বৈঠকে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করেন এনসিপির সদস্য হাসনাত আবদুল্লাহ। তবে তিনি ফ্লোর নিয়েছিলেন সংসদে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর টেবিল হওয়ায় সরকারের জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে না-এই অভিযোগ নিয়ে। পরে এসব বিষয়ে সরকারের পক্ষ থেকে জবাব দেন প্রধান হুইপ নূর ইসলাম মনি। 

এর আগে বিকেল ৩টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। বিতর্ক শেষে ডেপুটি স্পিকার এ বিষয়ে প্রতিকারের জন্য সংসদ সদস্যকে নোটিশ দেওয়ার পরামর্শ দেন।      

কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচিত এনসিপির এমপি হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, সংসদের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব বেশ কয়েকদিন ধরেই টেবিলে উত্থাপন করায় সদস্যরা সম্পূরক প্রশ্ন থেকে বঞ্চিত হচ্ছেন। এতে সদস্যরা অধিকার বঞ্চিত হচ্ছেন এবং মন্ত্রীরা সংসদের কাছে জবাবদিহিতা থেকে এড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন। 

তিনি বলেন, কার্যকর সংসদের জন্য মন্ত্রীদের সরাসরি প্রশ্ন করা এবং তাদের কাছ থেকে উত্তর পাওয়া অত্যন্ত জরুরি। কিন্তু গত দুই সপ্তাহ ধরে তারকা চিহ্নিত প্রশ্নগুলো শুধু টেবিলে দিয়ে দেওয়া হচ্ছে। মন্ত্রণালয় থেকে যে উত্তর লিখে দেওয়া হয়, মন্ত্রীরা শুধু সেটাই দিচ্ছেন। সংসদ কি তাহলে কেবল একটি একক বক্তৃতার স্থানে পরিণত হবে-এমন প্রশ্ন তোলেন তিনি। 

বক্তব্যের এক পর্যায়ে সাম্প্রতিক সময়ে কার্টুন শেয়ার করার দায়ে হাসান ইনামকে গ্রেপ্তারের প্রসঙ্গ তোলেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, শেখ হাসিনা আমলেও কার্টুন শেয়ার বা কটূক্তির জন্য গ্রেপ্তার করা হতো। আমরা কল্পনাও করতে পারিনি এই অভ্যুত্থান-পরবর্তী সময়েও এমনটা ঘটবে। চিফ হুইপ এমপিদের আমন্ত্রণ জানিয়েছিলেন এবং একটি রূপক তিমি ও হাঙ্গর মাছের নাম ব্যবহার করেছিলেন। তার মিম শেয়ার করার কারণে সাইবার নিরাপত্তা আইনের ২৫ ধারায় মামলা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, এই ধারা মূলত যৌন নির্যাতন সংক্রান্ত বিষয়ে প্রয়োগের কথা, কিন্তু একটি মিম শেয়ার করার মধ্যে যৌন নির্যাতন কোথায়? বিরোধী মত দমনের জন্য এই আইন ব্যবহার করা হচ্ছে এবং জামিনও দেওয়া হচ্ছে না।

হাসনাত আবদুল্লাহর বক্তব্যের জবাবে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, কার্যপ্রণালি বিধি অনুযায়ী অধিকারের প্রশ্ন উত্থাপনের জন্য দুই ঘণ্টা আগে নোটিশ দেওয়ার নিয়ম রয়েছে। তবে বিষয়টি গুরুত্বপূর্ণ হওয়ায় তিনি এটি গুরুত্বসহকারে দেখার আশ্বাস দেন।

হাসনাত আবদুল্লাহর বক্তব্যের জবাবে নিজের অবস্থান পরিষ্কার করে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, আমার বা সরকারের সমালোচনা করে কার্টুন আঁকার কারণে যদি কাউকে গ্রেপ্তার করা হয়ে থাকে, তবে তাকে মুক্তি দেওয়া উচিত। তাঁকে ছেড়ে দেওয়ার জন্য স্পিকারের মাধ্যম অনুরোধ জানিয়ে বলেন, তিনি নিজেও ফেসবুকে এ নিয়ে পোস্ট দিয়েছেন।

প্রশ্নোত্তর পর্ব নিয়ে টেবিল হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, এই অভিযোগ আংশিক সঠিক। প্রশ্নোত্তর পর্ব সকল সদস্যের অধিকার। তবে রাষ্ট্রপতির ভাষণের ওপর ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হলেও এ পর্যন্ত মাত্র ১২ ঘণ্টা আলোচনা হয়েছে। ৩০ এপ্রিলের মধ্যে সংসদ শেষ করতেই প্রশ্নোত্তর টেবিলে দেওয়া হচ্ছে। তবে সদস্যরা চাইলে রাত ১০টা পর্যন্ত সংসদ চালানো হলে প্রশ্নোত্তর টেবিলে দিতে হবে না। কারণ সরকার জবাবদিহিতায় বিশ্বাসী।

আরও পড়ুন

×