ভোটের দায়িত্ব পালনে অস্বীকৃতি, এক মাসের জন্য বরখাস্ত শিক্ষক
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬ | ১৮:১৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনে অস্বীকৃতি জানানোর কারণে সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের প্রভাষক আবু তালিবকে এক মাসের জন্য সাময়িক বরখাস্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বুধবার ইসি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, গত ২০ এপ্রিল সিরাজগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার আমিনুল ইসলামের সই করা এক অফিস আদেশে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।
অফিস আদেশে বলা হয়, ভোটগ্রহণের মাত্র একদিন আগে গত ১০ ফেব্রুয়ারি প্রভাষক আবু তালিবকে প্রিসাইডিং অফিসারের নিয়োগপত্র প্রদান করা হয়। কিন্তু নিয়োগপত্র গ্রহণের সময় তিনি দায়িত্ব পালনকে কষ্টকর ও ঝুঁকিপূর্ণ বলে অভিহিত করে নির্ধারিত কেন্দ্রে দায়িত্ব পালনে সরাসরি অস্বীকৃতি জানান।
এতে আরও বলা হয়, ওই সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে দায়িত্ব পালনের জন্য বারবার অনুরোধ করলেও আবু তালিব তাদের কথাও রাখতে রাজি হননি। একপর্যায়ে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে একটি আবেদন লিখে উপজেলা নির্বাচন কর্মকর্তার টেবিলের ওপর ফেলে রেখে চলে যান। এমনকি এই অপরাধে চাকরি হারানো বা কারাবরণ করতে হলেও তিনি নির্বাচনী দায়িত্ব পালন করবেন না বলে সাফ জানিয়ে দেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সহকারী রিটার্নিং অফিসার তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সুপারিশ জানান।
ইসির আদেশে বলা হয়, পরে নির্বাচন কমিশন সচিবালয়ের সিদ্ধান্ত ও নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ (সংশোধন ২০২৫)-এর ধারা ৫(৩) অনুযায়ী তাকে অসদাচরণের দায়ে অভিযুক্ত করা হয়। সেই আইন অনুযায়ী তাকে একমাসের জন্য চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে বলা হয়, সাময়িক বরখাস্ত থাকাকালীন আবু তালিব প্রচলিত বিধি মোতাবেক খোরপোষ ভাতা বা সাবসিস্টেন্স অ্যালাউন্সসহ অন্যান্য আইনানুগ সুবিধাদি পাবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
- বিষয় :
- ইসি
- সাময়িক বরখাস্ত
- শিক্ষক
- সিরাজগঞ্জ
- ভোট
