পরামর্শ সভায় আইনমন্ত্রী
নির্যাতন বন্ধে সমাজ ও প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন
মো. আসাদুজ্জামান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ | ০৮:২৭
| প্রিন্ট সংস্করণ
আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শুধু আইন প্রণয়ন করে দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধ করা সম্ভব নয়। নির্যাতন বন্ধে সমাজ ও প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন। আমাদের সামাজিক ও মনস্তাত্ত্বিক ব্যাধি থেকে বেরিয়ে আসতে হবে। তাহলেই প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে কাজ করতে পারবে।
গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘নির্যাতন প্রতিরোধ এবং ইউএনসিএটি ও ওপিসিএটি বাস্তবায়ন বিষয়ক জাতীয় পরামর্শ সভা’য় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘হেফাজতে মৃত্যু, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চাই না।’
অনুষ্ঠানটি আয়োজন করে মানবাধিকার সংস্থা অধিকার এবং গুম ও অবমাননাকর আচরণের বিরুদ্ধে কর্মরত সংস্থাগুলোর বৈশ্বিক জোট ওএমসিটি। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলার, দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান এবং জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারপারসন বিচারপতি মঈনুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতিসংঘের বিশেষ র্যাপোর্টার ড. অ্যালিস জিল এডওয়ার্ডস।
‘গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য’
গণতন্ত্রের সুরক্ষা ও বিকাশে সংবাদমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। দ্য ডেইলি স্টার-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীর কারওয়ান বাজারে পত্রিকাটির কার্যালয় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
- বিষয় :
- মো. আসাদুজ্জামান
