গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কায় তদন্তে সিটিটিসির ইন্টেলিজেন্স ইউনিট
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ | ০৮:৪২ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ | ১১:৪০
| প্রিন্ট সংস্করণ
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কায় পুলিশ সদরদপ্তরের সতর্কবার্তার পর ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট কাজ শুরু করেছে। গতকাল শনিবার মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীন এ তথ্য জানান।
হামলার আশঙ্কার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এ তথ্য পেয়েছি এবং সিটিটিসি সাইবার ইন্টেলিজেন্স ইউনিট কাজ করছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এখনও কোনো নির্দিষ্ট সংগঠন বা গোষ্ঠীকে চিহ্নিত করা যায়নি।
নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবনসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলা চালাতে পারে– এমন আশঙ্কায় গত বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তর সতর্কবার্তা জারি করে। এতে বলা হয়, জঙ্গিরা ধারালো অস্ত্র কিংবা আগ্নেয়াস্ত্র দিয়েও হামলা চালাতে পারে। তারা বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনাও করে থাকতে পারে। পুলিশের বিভিন্ন ইউনিটপ্রধানদের কাছে পাঠানো ওই বার্তায় নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়া হয়।
‘নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সমর্থকদের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা’-সংক্রান্ত বার্তায় নির্দিষ্ট করে কোনো সংগঠনের নাম উল্লেখ করা হয়নি। তবে বলা হয়েছে, সম্প্রতি উগ্রবাদী সংগঠনের সদস্য ইসতিয়াক আহম্মেদ ওরফে সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে চাকরিচ্যুত দুই সেনাসদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে।
এমন পরিস্থিতিতে নিরাপত্তা জোরদার করতে পুলিশ সদরদপ্তর যে নির্দেশনা দিয়েছে, সে বিষয়ে জানতে চাওয়া হলে সিটিটিসিপ্রধান বলেন, ‘এটা তো আমাদের সিকিউরিটি প্ল্যানিং, এটা আমার মনে হয় আপনাদের কাছে বলার বিষয় না। আমরা সিকিউরিটি প্ল্যানিং অনুযায়ী যে স্থানগুলোর তথ্য এসেছে, আমরা এ বিষয়ে কাজ করব।’
পরিকল্পনাকারীদের শনাক্ত করা গেছে কিনা– জানতে চাইলে তিনি বলেন, ‘এটা নিয়ে আমরা কাজ করছি, সুতরাং আমার মনে হয়, এখন মন্তব্য করার সময় আসেনি।’ সশস্ত্র বাহিনীর কতজন সদস্য গ্রেপ্তার আছেন– এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে এখন নির্দিষ্ট তথ্য নেই।
অন্তর্বর্তী সরকারের সময় তৎকালীন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ‘দেশে জঙ্গি নেই’ বলে মন্তব্য করে আলোচিত হন। তাঁর মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে সিটিটিসিপ্রধান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে কাজ করছে এবং কাউকে পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- হামলার আশঙ্কা
