সাতকানিয়ায় দোকানিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ | ০৮:৫৮ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ | ১০:০৮
| প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের সাতকানিয়ায় হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে শাহাদাত হোসেন (৩২) নামে এক চা দোকানিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে উপজেলার ঢেমশা ইউনিয়নের অন্তর্গত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া রাস্তার মাথা মডেল মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
ইয়াবাসহ মো. কামাল ওরফে পিচ্চি কামাল নামে এক ব্যক্তিকে সেনাবাহিনীর হাতে ধরিয়ে দেওয়া হয়েছে– এমন সন্দেহে তাঁকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
গতকাল সোমবার ভোর ৫টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাতের মৃত্যু হয়। তিনি উপজেলার ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার বাসিন্দা।
ঘটনার পরপর থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালালেও গতকাল রাত ৮টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার রাতে শাহাদাত সাতকানিয়া রাস্তার মাথা মডেল মসজিদ এলাকায় তার চায়ের দোকানের সামনে বসে মোবাইল ফোন দেখছিল। রাত সাড়ে ১০টার দিকে দুটি সিএনজিচালিত অটোরিকশা ও তিন-চারটি মোটরসাইকেলে মুখোশ পরা ১০ থেকে ১৫ জন শাহাদাতের দোকানের সামনে নামে। কিছু বুঝে ওঠার আগে তারা শাহাদাতের পেছনে গিয়ে হাতুড়ি ও লাঠি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নিহত শাহাদাত হোসেনের বড় ভাই মোবারক হোসেন বলেন, ‘আগে পিচ্চি কামাল ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিল। তখন শাহাদাতের সঙ্গে তাঁর বন্ধুত্ব ছিল। তবে কামালের ধারণা, শাহাদাতই তাকে ধরিয়ে দিয়েছে। তখন থেকে কামালের ভেতর একপ্রকার ক্ষোভের সৃষ্টি হয়।’
রাজধানীতে বাসায় নারী আনসার সদস্যের লাশ
রাজধানীর কদমতলীর কমিশনার রোডের একটি বাসা থেকে গত রোববার রাতে শারমিন আক্তার শেলী (২৭) নামে এক নারী আনসার সদস্যের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কদমতলী থানার এসআই মুশাহিদুল ইসলাম জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে রাত আড়াইটার দিকে কমিশনার রোডের ওই বাসায় যায় পুলিশ। সেখানে চতুর্থ তলার তালাবদ্ধ একটি ঘর থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে মেঝেতে শারমিন আক্তারের লাশ পাওয়া যায়। ওই বাড়ির মালিক আঞ্জুমান আরা ডলি বলেন, ‘ছয় মাস আগে মো. মামুন নামে এক ব্যক্তি ও শারমিন নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে কাবিননামা দেখিয়ে বাসা ভাড়া নেন।
কিশোরগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন
কিশোরগঞ্জ শহরে দোকানের মালিকানার বিরোধে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন হয়েছেন। নিহত ব্যক্তির নাম শামীম (৪০)। তিনি শহরের হরুয়া এলাকার বাসিন্দা ছিলেন। এ ঘটনায় ভাতিজা লিংকন পলাকত আছে। জানা যায়, পৌর কার্যালয়ের সামনে একটি দোকানের মালিকানা নিয়ে দুজনের মধ্যে বিরোধ ছিল। দোকানটি লিংকন ভাড়া দিয়েছেন রাকিব চৌধুরী নামে এক ব্যক্তির কাছে। গতকাল সকালে শামীম ওই দোকানে গিয়ে ভাড়াটিয়ার কাছে ভাড়া দাবি করেন। এ সময় ভাড়াটিয়া রাকিব ফোনে লিংকনকে জানালে লিংকন একটি ছুরি নিয়ে শামীমের ওপর হামলা চালায়।
নাটোরে ছেলের হাতে মা খুন
নাটোরে ছেলের হাতে মা শহীদা বেগম (৫৫) খুন হয়েছেন। বাকপ্রতিবন্ধী ছেলে আরিফ হোসেন শিলপাটার পাথরের শিল দিয়ে মাথায় আঘাত করে তার মাকে হত্যা করে। রোববার রাত সাড়ে ১২টার দিকে নাটোর শহরের মল্লিকহাটি ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলে আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, আরিফ একজন বাকপ্রতিবন্ধী। সে প্রায়ই বিভিন্ন কারণে মায়ের সঙ্গে উত্তেজিত আচরণ ও মারধর করত।
সাতক্ষীরায় পুকুরপাড়ে নারীর মরদেহ
সাতক্ষীরার সদর উপজেলার মাগুরা এলাকার একটি পুকুরের পাড় থেকে বীথিকা সাধু (৫৩) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি একজন মুদি দোকানি। রোববার রাত সাড়ে ১২টার দিকে শহরের থানাঘাটা বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। বীথিকা সদর উপজেলার মাগুরা এলাকার মৃত বিশ্বনাথ সাধুর স্ত্রী। তিনি বউবাজার নামে একটি গ্রাম্য বাজারে ব্যবসা করতেন। রোববার রাত ৮টার দিকে তিনি বাড়ি থেকে দোকানের উদ্দেশে বেরিয়ে আর ফেরেননি।
গাজীপুরে বসতঘরে নারীর রক্তমাখা লাশ
গাজীপুর মহানগরের পুবাইলে আফতাব উদ্দিনের মেয়ে কুলসুম বেগমের বাড়ির বসতঘর থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে মেঘডুবি এলাকায় এ ঘটনা ঘটে। কুলসুম বেগম স্বামীর সংসার ছাড়েন কয়েক বছর আগে। মায়ের দেওয়া একখণ্ড জমিতে বাড়ি বানিয়ে দুটি কক্ষে ছেলেমেয়েকে নিয়ে থাকতেন তিনি। আর বাকি দুটি কক্ষ ভাড়া দেওয়া ছিল। ওই বাড়ির অন্য একটি কক্ষে মুদি ব্যবসা করতেন কুলসুম। স্বজনদের দাবি, পরিকল্পিতভাবে কুলসুমকে হত্যা করা হয়েছে।
(তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা)
- বিষয় :
- হত্যা
- লাশ উদ্ধার
