পাঁচই আগস্টের পর গঠিত সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ | ২২:০২
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, জুলাই অভ্যুত্থান প্রমাণ করেছে যে নতুন প্রজন্ম দেশপ্রেমিক, কিন্তু দুর্ভাগ্যবশত পাঁচই আগস্টের পর গঠিত সরকারের নবীন সদস্যদের বিরুদ্ধে গত দেড় বছরে দুর্নীতির অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সংসদের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে শামা ওবায়েদ এই অভিযোগ করেন।
তাঁর অভিযোগের জবাবে বিরোধী দলীয় চিফ হুইপ এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, তিনি কোথায় দুর্নীতি করেছেন, তার প্রমাণ দিতে হবে।
আলোচনায় অংশ নিয়ে শামা ওবায়েদ বলেন, যদি রাষ্ট্রপতি বা তাঁর ভাষণ অবৈধ হয়, তবে তৎকালীন সরকারও অবৈধ কি না, তা ভেবে দেখতে হবে।
তিনি বলেন, আমরা যখন নতুন বাংলাদেশ ও নতুন প্রজন্মের কথা বলি, তখন শুধু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভাইরাল হওয়ার রাজনীতি আশা করি না। বিএনপি এমন রাজনৈতিক দল, যে ফেসবুকে রাজনীতি করে না; তারা রাস্তায় রাস্তায় ঘুরে খেটে রাজনীতি করে। শুধু বট বাহিনী দিয়ে, স্ট্যাটাস দিয়ে মানুষকে ছোট করে, আজেবাজে কথা বলে ভাইরাল হয়ে রাজনীতি হয় না। যদি ৭১ সালে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থাকত, তাহলে দেশ স্বাধীন হতো কি না, আমরা জানি না।
শামা ওবায়েদ বলেন, মুক্তিযুদ্ধ সবকিছুর ঊর্ধ্বে। আমরাও চাই, আমাদের সন্তানরা এমন এক নতুন বাংলাদেশে বসবাস করুক, যেখানে আইনের শাসন থাকবে, খুনের বিচার হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে। আমরা যদি কাদা ছোড়াছুড়ি না করে ঐক্যবদ্ধ থাকি, তবে এই পার্লামেন্ট থেকেই গুণগত উন্নয়নের সূচনা হবে।
শামা ওবায়েদের বক্তব্যের পর ফ্লোর নেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি বলেন, মাননীয় সংসদ সদস্য অন্তর্বর্তী সরকারের সময়ের দুর্নীতির অভিযোগ তুলেছেন। আমি সেই সরকারের উপদেষ্টা ছিলাম, বর্তমান পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন। আইনমন্ত্রী ছিলেন অ্যাটর্নি জেনারেল। নির্বাচনের অনেক আগেই তিনি পদত্যাগ করেছেন। যেহেতু জাতীয় সংসদে এই অভিযোগ করা হয়েছে, তাই ওনাদের প্রমাণ দিতে হবে যে নাহিদ ইসলাম কোথায় দুর্নীতি করেছেন।
পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে কারও নাম বলেননি।
