প্রথমবারের মতো নারী ডিসি ও এসপি ঢাকা জেলায়
আরও ১১ পুলিশ কর্মকর্তার পদায়ন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ মে ২০২৬ | ০৩:২৩
ঢাকা জেলার ইতিহাসে প্রথমবারের মতো পুলিশ সুপার পদে একজন নারী নিয়োগ পেয়েছেন। তিনি হলেন বিসিএস ২৫ ব্যাচের কর্মকর্তা শামীমা পারভীন। খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের হুইপ রকিবুল ইসলামের স্ত্রী শামীমা।
এর আগে গত ২২ এপ্রিল ঢাকা জেলার প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পান ফরিদা খানম।
গতকাল বৃহস্পতিবার শামীমাসহ পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে দেশের বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ছয়জন পুলিশ সুপার (এসপি) ও ছয়জন অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি)। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার পৃথক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, পুলিশ অধিদপ্তর থেকে শামীমা পারভীনকে ঢাকা জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে। ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সুপার, বাগেরহাটের এসপি মোহাম্মদ হাছান চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের এসপি এবং ডিএমপির উপকমিশনার (পুলিশ সুপার পদমর্যাদা) হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে বাগেরহাটের এসপি হিসেবে বদলি করা হয়েছে।
পৃথক প্রজ্ঞাপনে সাতক্ষীরার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. মোকবুল হোসেনকে একই পদে কুষ্টিয়ায়, ঢাকার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-১২ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবালকে ঢাকা এপিবিএন-৫ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবিরকে ঢাকা এপিবিএন-১২ এর অধিনায়ক, ঢাকা এপিবিএন-১৩ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিহাব কায়সার খানকে পিবিআইর অতিরিক্ত ডিআইজি, র্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কামরুজ্জামান ও মো. খালিদুল হক হাওলাদারকে ডিএমপির যুগ্ম কমিশনার, ডিএমপির উপকমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়াকে নৌ পুলিশের সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি), এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) নুসরাত জাহান মুক্তাকে এসবির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) করা হয়েছে।
