কেরাণীগঞ্জে ছেলের হাতে বাবা খুন
প্রতীকী ছবি
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০১ মে ২০২৬ | ১৯:১৫
ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানার সাক্তা ইউনিয়নের গোয়ালখালী গ্রামে শুক্রবার ভোরে পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে ছেলের হাতে বৃদ্ধ বাবা খুন হয়েছেন।
ছেলের ছুরিকাঘাতে শাহী ইসলামের (৭০) মৃত্যু হলে পালিয়ে যাওয়ার সময় ছেলে আল আমিনকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। নিহত শাহী ইসলাম গোয়ালখালী এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে সম্পত্তি নিয়ে বিরোধের এক পর্যায়ে ছেলে আল আমিনের (২৬) সাথে তার বাবা শাহী ইসলামের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে ছুরি দিয়ে পেটে আঘাত করে ছেলে আল আমিন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কেরাণীগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) নূর আলম সিদ্দিকী জানান, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ছেলের হাতে বাবা খুন হয়েছেন। ছেলে আল আমিন আটক হয়েছে। এই ঘটনায় মামলা নিয়েছে পুলিশ।
- বিষয় :
- কেরাণীগঞ্জ
- খুন
- বিরোধ
