ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় হাইজ্যাক হয়ে গেছে: শিক্ষামন্ত্রী

অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় হাইজ্যাক হয়ে গেছে: শিক্ষামন্ত্রী
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২৬ | ২৩:৪৬

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক ঝামেলা আছে। অনেক অপরাধ হয়ে থাকে এসব বিশ্ববিদ্যালয়ে। গত সরকারের আমলে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় হাইজ্যাক হয়ে গেছে।

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি আয়োজিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সমস্যা ও করণীয় শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মঙ্গলবার রাতে রাজধানীর বনানীতে একটি হোটেলে এর আয়োজন করা হয়।

এতে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. সবুর খান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

এহছানুল হক মিলন আরও বলেন, আগে দেখেছি মালয়েশিয়ার শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসতো। আর এখন আমরা মালয়েশিয়া যাচ্ছি পড়াশোনা করতে। অথচ ডেমোগ্রাফিক ডেভিডেন্ট কাজে লাগানো, বৈদেশিক মুদ্রা আহরণসহ এদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সহযোগিতা করতে চায়।

তিনি বলেন, ইউজিসি শুধু বিশ্ববিদ্যালয়গুলোর উপর মাতব্বড়ি করবে তা হবে না। ইউজিসিতে বিশ্ববিদ্যালয়ের কোনও ফাইল আটকে থাকবে না। বিশ্ববিদ্যালয়ের একটা বিভাগ অনুমোদন পেতে যদি দুই বছর সময় লাগে তাহলে তো হতে পারে না।

মন্ত্রী বলেন, বাংলাদেশ হবে বিশ্বের সেরা এডুকেশন হাব। আমাদের সেই চেষ্টা, মানসিকতা রয়েছে। আমরা চাই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বিকশিত হোক।

উপদেষ্টা মাহদী আমিন বলেন, উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে ভ্যাট থাকা উচিত না। আমরা চাই প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে শিখবে। উচ্চ শিক্ষার সঙ্গে চাকরির একটা সংযোগ থাকা উচিত। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ক্রমে পিএইচডি প্রোগ্রাম চালু করা উচিত।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ নিয়ে দ্বন্দ্ব, মালিকানা নিয়ে দ্বন্দ্ব লেগেই আছে। এটাই বাস্তবতা। আমরা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে চাই। কিন্তু এ পরিস্থিতি বিশ্ববিদ্যালয়গুলোতে আছে কিনা সেটিও ভেবে দেখতে হবে। আমরা কখনোই পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে বৈষম্য করতে চাই না।

বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. সবুর খান বলেন, দেশের লক্ষাধিক শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্ভর করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর। এই খাতকে দুর্বল করা মানে দেশের ভবিষ্যৎকে দুর্বল করা। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারের কোনো অনুদান নেই। কিন্তু ভ্যাট, ট্যাক্স, প্রকিউরমেন্ট ট্যাক্স পরিশোধ করছি আমরা। আর এসব খরচ বহন করতে হচ্ছে ছাত্র-ছাত্রীদের। শিক্ষার্থীরা শুধু পড়াশোনার খরচ নয়, করের বোঝাও বহন করছে। ফলে বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি বেড়েই চলেছে।

তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় যদি অলাভজনক হয় তাহলে অবশ্যই ট্যাক্স ফ্রি করতে হবে। আর ট্যাক্স আরোপ করা হলে লাভজনক ঘোষণা করতে হবে।

আরও পড়ুন

×