ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সরকার ধাপে ধাপে প্রত্যাহার করতে যাচ্ছে সেনাবাহিনী

সরকার ধাপে ধাপে প্রত্যাহার করতে যাচ্ছে সেনাবাহিনী
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২৬ | ০৮:৪৭

| প্রিন্ট সংস্করণ

আওয়ামী লীগ আমলে ২০২৪ সালের জুলাইয়ে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মাঠে নেমেছিলেন প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। অন্তর্বর্তী সরকারের পুরোটা সময় মাঠে ছিলেন তারা। দুই বছর এখন তারা ব্যারাকে ফিরে যাবেন।
আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, ৬ জুন থেকে সেনাসদস্যদের চূড়ান্ত প্রত্যাহার শুরু হবে। দূরবর্তী জেলা থেকে প্রথমে প্রত্যাহার হবে, পরে ধাপে ধাপে বিভাগীয় শহর এবং বড় জেলা থেকে তুলে নেওয়া হবে। জুন মাসের মধ্যেই সেনাবাহিনীর সব সদস্যকে মাঠ পর্যায় থেকে সরিয়ে নেওয়া হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠনের পর গত মঙ্গলবার কোর কমিটি প্রথম সভায় বসে। আইনশৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন ও প্রয়োজনীয় কর্মপদ্ধতি নির্ধারণের জন্য গত ২১ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে সভাপতি করে এ কমিটি পুনর্গঠন করা হয়েছিল।

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ কমিশনার, বিজিবি মহাপরিচালকসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রায় আড়াই ঘণ্টার বৈঠকে মাঠ থেকে চূড়ান্তভাবে সেনাবাহিনী প্রত্যাহার, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সারাদেশের চাঁদাবাজি, পুলিশের পোশাক পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন থেকে পরিস্থিতি সহিংস হয়ে উঠলে ২০২৪ সালের ১৯ জুলাই কারফিউ জারি করে সেনা নামিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। প্রবল আন্দোলনে ওই বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর পুলিশ বাহিনী ভেঙে পড়ায় সেনাবাহিনী মাঠেই থেকে যায়। অন্তর্বর্তী সরকার ওই বছরের ১৭ সেপ্টেম্বর সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতাও দেয়।
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ২০২৪ সালের আগস্টে জানান, সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে চায় এবং পুলিশ পুরোপুরি পুনর্গঠিত হলে তারা নিজ নিজ কর্মস্থলে ফিরবেন। গত বছরের নভেম্বর থেকে ধীরে ধীরে কিছু সেনাসদস্য প্রত্যাহার শুরু হয়। 

আরও পড়ুন

×