দ্বিপক্ষীয় প্রক্রিয়া পুনরুজ্জীবনে ঢাকার সঙ্গে কাজ করছে দিল্লি
বিক্রম মিশ্রি
বাসস
প্রকাশ: ০৭ মে ২০২৬ | ০৮:৫০ | আপডেট: ০৭ মে ২০২৬ | ১২:১৭
| প্রিন্ট সংস্করণ
কয়েক মাসের টানাপোড়েনের পর বাংলাদেশ ও ভারত সম্পর্ক পুনর্গঠন এবং স্থবির সহযোগিতা কার্যক্রম পুনরায় সক্রিয় করতে আগামী সপ্তাহগুলোতে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন হতে যাচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি বলেন, ঢাকা-দিল্লির মধ্যে দ্বিপক্ষীয় সম্পৃক্ততার সব চ্যানেল পুনরায় চালুর প্রক্রিয়া শুরু করেছে নয়াদিল্লি। ইতোমধ্যে মন্ত্রী পর্যায়েও যোগাযোগ হচ্ছে।
গত সোমবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সফররত বাংলাদেশি সাংবাদিক প্রতিনিধি দলের সঙ্গে আলাপকালে বিক্রম মিশ্রি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমরা দ্বিপক্ষীয় সম্পর্কের সব উপকরণ পুনরায় সক্রিয় করতে কাজ করছি। মন্ত্রী পর্যায়ে যোগাযোগ স্থাপন করা হচ্ছে।’
বিক্রম মিশ্রি জানান, পানি বণ্টন, বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা, সংযোগ, কনস্যুলার বিষয়সহ ৪০টির বেশি প্রাতিষ্ঠানিক কাঠামো রয়েছে দুই দেশের মধ্যে, যেগুলোর অনেকটিই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময়ে নিষ্ক্রিয় হয়ে পড়ে।
ওই সময়ে দ্বিপক্ষীয় সম্পর্কে কিছু চ্যালেঞ্জ দেখা দিয়েছিল উল্লেখ করে মিশ্রি বলেন, বিএনপির নেতৃত্বাধীন নির্বাচিত সরকার গঠনের পর ভারত এখন পুনরায় বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। তিনি আরও বলেন, বৈঠকগুলোর সময়সূচি নির্ধারণ করা হচ্ছে। আগামী সপ্তাহ ও মাসগুলোতে এর ফলাফল জানা যাবে।
বাংলাদেশের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গিকে তিনি গঠনমূলক, ইতিবাচক ও বাস্তবসম্মত বলে উল্লেখ করে বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কে জনগণই কেন্দ্রবিন্দু। সম্পর্কের গভীরতা তুলে ধরে বিক্রম মিশ্রি বলেন, দুই দেশের মধ্যে ৪ হাজার কিলোমিটারেরও বেশি সীমান্ত ও ৫৪টি আন্তঃসীমান্ত নদী রয়েছে। পাশাপাশি বাংলাদেশ এ অঞ্চলে ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার।
- বিষয় :
- দিল্লি
- ভারত
- বাংলাদেশ-ভারত
