‘রত্নগর্ভা মা’ সম্মাননা পেলেন ৩৫ মা
সোমবার ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে ‘রত্নগর্ভা মা ২০২৫’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ মে ২০২৬ | ২২:০১
একজন মায়ের জীবনের বড় অর্জন হয়তো নিজের সাফল্যে নয়, সন্তানকে মানুষ করে তোলায়। নীরব ত্যাগ, সীমাহীন সংগ্রাম আর প্রতিকূলতার সঙ্গে লড়াই করে সন্তানকে শিক্ষিত ও প্রতিষ্ঠিত করেছেন এমন ৩৫ জন মাকে দেওয়া হলো ‘রত্নগর্ভা মা ২০২৫’ সম্মাননা। মাতৃত্বের অনন্য যাত্রাকে স্বীকৃতি জানিয়েই তাদের এই সম্মান।
সোমবার ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে আয়োজন করা হয় ‘রত্নগর্ভা মা ২০২৫’ সম্মাননা অনুষ্ঠান। আয়োজক প্রতিষ্ঠান আজাদ প্রোডাক্টস ২০০৩ সাল থেকে প্রতিবছর এ সম্মাননা দিয়ে আসছে। এবার সাধারণ বিভাগে ২৫ জন এবং বিশেষ বিভাগে ১০ জন মাকে সম্মানিত করা হয়েছে। বিশেষ বিভাগে সম্মাননা পাওয়া মায়েরা হলেন– রেজিয়া বেগম, মাহবুবা ফারুক, জহুরা খাতুন, হোসনে আরা বেগম, শেফালী বেগম, রাহেনা আক্তার খানম, খোরশেদা বেগম, রীনা বেগম, অনুভা ঘোষ এবং রীতা সেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান বলেন, সামাজিক ও নৈতিক মূল্যবোধের সংকটময় সময়ে সন্তানকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার সবচেয়ে বড় ভূমিকা পালন করেন মায়েরা। বর্তমান শিক্ষাব্যবস্থা আদর্শিক শিক্ষক ও নৈতিক শিক্ষার ঘাটতিতে ভুগছে। এ বাস্তবতায় পরিবার, বিশেষ করে মায়েদের দায়িত্ব আরও বেড়েছে।
স্বাগত বক্তব্যে আজাদ প্রোডাক্টসের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও দায়িত্ববোধ ধরে রাখার জন্য প্রতিটি সন্তানকে আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সুপ্রিম কোর্টের বিচারপতি ফরিদ আহমেদ। তিনি বলেন, জীবনের যে কোনো পরিস্থিতিতে মায়ের পাশে থাকা প্রতিটি সন্তানের নৈতিক দায়িত্ব। একজন মা সন্তানের অর্জনে গর্ব অনুভব করেন। এটাই একজন মায়ের জীবনের সর্বোচ্চ প্রাপ্তি।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী মিমি আলাউদ্দীন ও রবি চৌধুরী। সুর, সম্মাননা আর আবেগঘন মুহূর্তে দিনটি হয়ে ওঠে মাতৃত্বের সংগ্রাম ও ভালোবাসার অনন্য উদযাপন।
- বিষয় :
- পুরস্কার
- ঢাকা ক্লাব
- রত্নগর্ভা মা
