দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর
আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ মে ২০২৬ | ১৯:৫২
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্যানেল স্থাপনের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষা খাতে কোনো ধরনের কার্পণ্য করবে না সরকার এবং ২০৩০ সালের মধ্যে দুই হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আজ বুধবার রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ-এ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধাপে ধাপে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা হবে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরিবেশবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, একজন শিক্ষার্থীর মাধ্যমিক স্তর শেষে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে যেন ১০ বছরের বেশি সময় ব্যয় না হয়, সে বিষয়ে সরকার পরিকল্পনা করছে। সেশনজট কমিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই শিক্ষাজীবন সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘তোমাদের জীবনে এসএসসি পাস করতে যেন ১০ বছর স্কুলিং ১০ বছরেই থাকে, ১২ বছরে না যায়। কোনো সেশনজট যেন না হয়। তোমরা যেন পিছিয়ে না পড়। সে লক্ষ্যেই আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। তোমাদের স্বার্থে যা প্রয়োজন, সেটাই করা হবে। তবে পরীক্ষা সুন্দরভাবে দিতে হবে।’
তিনি জানান, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিলেবাস যথাযথভাবে সম্পন্ন করে নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা করতে আজ একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
শিক্ষাব্যবস্থার পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা শুধু জিপিএ-৫-এর কথা বলব না, শিক্ষার্থীরা কী শিখেছে সেটাই গুরুত্বপূর্ণ। দেশের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তনের প্রয়োজন রয়েছে।’
এর আগে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ-এ ‘নেট জিরো ক্যাম্পাস’ গঠনের উদ্যোগের অংশ হিসেবে ৬০০ কিলোওয়াট পিক ক্ষমতাসম্পন্ন ‘অন-গ্রিড ওপেক্স মডেল’ সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করা হয়।
কলেজ কর্তৃপক্ষ জানায়, এই সৌরবিদ্যুৎ প্রকল্প পরিবেশবান্ধব ও অর্থসাশ্রয়ী বিদ্যুৎ ব্যবস্থাপনার অংশ। এর মাধ্যমে ক্যাম্পাসে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে এবং দীর্ঘমেয়াদে বিদ্যুৎ ব্যয়ে সাশ্রয় নিশ্চিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং কলেজের বোর্ড অব গভর্নরসের সভাপতি আবদুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন, ওমেরা রিনিউবেল এনার্জি লিমিটেড-এর প্রতিনিধিরা, শিক্ষক ও শিক্ষার্থীরা
