ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬

বিএনপি নেতাসহ ৭ জেলায় নয়জনকে হত্যা

বগুড়ায় গৃহবধূ, স্কুলছাত্র ও শিশু খুন

বিএনপি নেতাসহ ৭ জেলায় নয়জনকে হত্যা
×

ফাইল ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬ | ০৯:১৪ | আপডেট: ২২ মে ২০২৬ | ১০:৩৮

| প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক বিএনপি নেতাসহ সাত জেলায় শিশুসহ ৯ জন খুনের খবর পাওয়া গেছে। 

আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গণিকে (৩৫) মাটি কাটা নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত বুধবার রাতে পাঁচগাঁও কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। ওসমান গণি বড় বিনাইরচর গ্রামের মৃত  আব্দুর রশিদের ছেলে। পুলিশ দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রমজান মিয়া এবং পাঁচগাঁও গ্রামের রমজান আলী, সুমন মিয়া ও সোলেমান হোসেনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওসমান গণি জমির ব্যবসা করতেন। বুধবার রাতে মাটি তোলার একটি ভেকু অচল হয়ে গেলে কয়েকজন সহযোগীসহ সেখানে যান। পথে ২০-২৫ জন মুখোশধারী তাঁকে ঘিরে ফেলে। তারা বাকিদের কিছু না বলে শুধু ওসমানকে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। স্বজনরা গিয়ে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ভূলতা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের বড়বিনাইরচর এলাকায় বিক্ষোভ করেন। 

বগুড়ায় গৃহবধূ, স্কুলছাত্র ও শিশু খুন
বগুড়ার গাবতলী উপজেলায় রিতা রানী মজুমদার (৪৫) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে মমিনখাদা দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। রিতা ওই এলাকার বিধান চন্দ্র রায়ের স্ত্রী। একই উপজেলায় গতকাল বৃহস্পতিবার মাদকাসক্ত বাবার হাতে পাঁচ মাসের সন্তান হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম রায়হান আলী ও নিহতের নাম আব্দুল্লাহ। এদিকে সারিয়াকান্দি উপজেলায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে সহপাঠীর ছুরিকাঘাতে মোস্তাকিম হোসেন (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। 

ঝালকাঠিতে গণপিটুনিতে একজন নিহত
কাঁঠালিয়ায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় গণপিটুনিতে রাজ্জাক বয়াতী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বুধবার রাতে বাঁশবুনিয়া গ্রামের মুন্সিবাড়ীর সামনে এ ঘটনা ঘটে। 

গাইবান্ধায় মাদকাসক্তের হাতে ফুফু খুন 
ফুলছড়ি উপজেলায় সোহেল রানা নামে এক মাদকাসক্তের বিরুদ্ধে কুপিয়ে ফুফুকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম জহুরা বেগম। গতকাল বৃহস্পতিবার বাজেতেলকুপি চরে এ ঘটনা ঘটে। সোহেল রানাকে আটক করেছে পুলিশ।

ময়মনসিংহে গাছে ঝুলছিল মরদেহ
গফরগাঁওয়ে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় মোহাম্মদ কাওসার আলম (৪৪) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দরিচারবাড়িয়া গ্রামের শাহা কান্দার জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

গোপালগঞ্জে রিকশাচালকের মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে গ্যারেজ মালিকের ফ্ল্যাট থেকে আলামিন শেখ (৩০) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাতে কামরুল ঠাকুরের ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

যশোরে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার
ঝিকরগাছার কীর্তিপুরে গতকাল বৃহস্পতিবার আবু হুরায়রা মিম (৩৫) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মিম ওই গ্রামের মশিয়ার রহমানের ছেলে। 

[প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট ব্যুরো, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধি]

আরও পড়ুন

×