অর্থমন্ত্রীর হাতে কৃষি বাজেট সুপারিশমালা তুলে দিলেন শাইখ সিরাজ
অর্থমন্ত্রীর হাতে সুপারিশমালা তুলে দিচ্ছেন শাইখ সিরাজ। ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬ | ১৩:১২ | আপডেট: ২৪ মে ২০২৬ | ১৩:১৬
আসন্ন ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটের জন্য ‘কৃষি বাজেট কৃষকের বাজেটের সুপারিশমালা’ অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর হাতে তুলে দিয়েছেন বিশিষ্ট কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। শনিবার সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে অর্থমন্ত্রীর কাছে এই সুপারিশমালা হস্তান্তর করা হয়।
চ্যানেল আইয়ের জনপ্রিয় কৃষিভিত্তিক অনুষ্ঠান ‘হৃদয়ে মাটি ও মানুষ’-এর উদ্যোগে দেশব্যাপী প্রান্তিক কৃষকদের মতামত ও চাহিদার ভিত্তিতে প্রতি বছরের মতো এবারও এই সুপারিশমালা তৈরি করা হয়েছে।
সুপারিশমালা হাতে পেয়ে অর্থমন্ত্রী কৃষি খাত নিয়ে বর্তমান সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও অগ্রাধিকারের কথা তুলে ধরেন।
অর্থমন্ত্রী জানান, সরকার এবার কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্সসহ আধুনিক তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের দিকে মনোযোগ দিচ্ছে।
তিনি আরও জানান, বরাবরের মতো আসন্ন বাজেটেও বিএনপি সরকারের বিশেষ মনোযোগের কেন্দ্রে থাকছে দেশের কৃষি খাত।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, একটি নির্বাচিত সরকার হিসেবে সব শ্রেণি-পেশার মানুষের কথা শোনা এবং তার আলোকে বাস্তবমুখী নীতি গ্রহণ করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
- বিষয় :
- কৃষি
- বাজেট
- অর্থমন্ত্রী
