মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে পিটিয়ে হত্যা
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২৬ | ১০:২১
| প্রিন্ট সংস্করণ
সপ্তাহখানেক ধরে স্থানীয় বাজার ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করছিলেন অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ। তাঁকে মানসিক ভারসাম্যহীন মনে হয় এলাকাবাসীর। সেই বৃদ্ধকেই গরুচোর সন্দেহে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চট্টগ্রামের রাউজানের মৌসুমি গরু ব্যবসায়ীদের বিরুদ্ধে। গতকাল সোমবার ভোরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাইন্যাপুকুর পাড় এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। এদিন ও গত রোববার দেশের আরও চারটি জায়গায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন চার ব্যক্তি। সিলেটের গোলাপগঞ্জে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধারের পর হত্যার অভিযোগ তুলেছেন স্বজনরা।
পেটানো হয় ইটভাঙা যন্ত্রে বেঁধে
গরুচোর সন্দেহে রাউজানে অজ্ঞাতপরিচয় বৃদ্ধকে ইটভাঙার একটি যন্ত্রের সঙ্গে বেঁধে লাটিসোটা দিয়ে পেটায় কিছু লোক। পরে গুরুতর অবস্থায় তাঁকে বাইন্যাপুকুর পাড় এলাকার পশ্চিম রাউজান রুদ্র পল্লি-সংলগ্ন মাঠে ফেলে যায় তারা। গতকাল দুপুরে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা শফিউল আলম বলেন, ‘এক সপ্তাহ ধরে লোকটিকে বাইন্যাপুকুর পাড় ও চারাবটতল বাজার এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছি। আমার মনে হয়, বৃদ্ধ লোকটি মানসিক ভারসাম্যহীন ভবঘুরে ছিলেন।’
ঘটনাস্থলের একশ গজের মধ্যে বাড়ি মোহাম্মদ দেলোয়ার হোসেনের। তাঁর ভাষ্য, ‘ভোর ৪টার দিকে লোকজনের শোরচিৎকার শুনেছি। তখন আাঁধার থাকায় ভয়ে ঘর থেকে বের হইনি। তবে আমার ঘরের বাইরে থাকা সিসিটিভির ফুটেজ দেখলে জড়িতদের শনাক্ত করতে পারবে পুলিশ।’
মোহাম্মদ সাব্বির নামে এক ব্যক্তি ফেসবুক লাইভে গতকাল ভোরে গরুচোর সন্দেহে ওই ব্যক্তিকে মারধরের তথ্য জানান। সকাল ৭টার দিকে মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে ৮টার দিকে ভিডিওটি ডিলিট করে দেওয়া হয়। মৌসুমি ব্যবসায়ীদের গরুর পাহারাদার মোহাম্মদ সেলিম উদ্দিনের ভাষ্য, রোববার রাতে গরুর শেডের পাহারায় ছিল সাব্বির ও কেফায়েতসহ কয়েকজন। আমি রাতে ছিলাম না। আমার ডিউটি দিনের বেলায়।’
রাউজান থানার এসআই তানভীরুল হক চৌধুরী বলেন, মরদেহ উদ্ধারের পর শরীরের নানা জায়গায় আঘাতের চিহ্ন দেখেছেন। এ ঘটনায় যারা জড়িত, তাদের শনাক্ত করতে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য রাউজান সদর ইউনিয়নের হরিশখান পাড়ার মোহাম্মদ রায়হান (৩২) ও জয়নাল আবেদিন (৫০) নামের দুজনকে আটক করা হয়েছে। থানার পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ান বলেন, লাশ উদ্ধারের পর সুরতহাল করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা হবে।
নববধূর ঝুলন্ত লাশ, হত্যার অভিযোগ
সিলেটের গোলাপগঞ্জে ঝুমকি দেব (২৯) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হেতিমগঞ্জ পূর্বপাড়া থেকে তাঁর লাশ উদ্ধার করে। গত ৯ মার্চ হেতিমগঞ্জ পূর্বপাড়া চঞ্চল দাসের সঙ্গে ঝুমকির বিয়ে হয়। ঝুমকির পরিবারের সদস্যদের অভিযোগ, বিয়ের পর থেকে স্বামীর নির্যাতনের শিকার হয়ে আসছিলেন ঝুমকি। বিষয়টি তিনি বোন ও বান্ধবীদের জানালেও বাবা অসুস্থ থাকায় পরিবারের অন্যদের জানাতে নিষেধ করতেন। তাঁর চাচা উজ্জ্বল দেবের ভাষ্য, তাঁর ভাতিজিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি আরিফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ভাইয়ের কোদালে বৃদ্ধ নিহত
টাঙ্গাইলের মির্জাপুরে ছাদের পানি ধানে পড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের কোদালের আঘাতে খুরশেদ আলম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা উত্তরপাড়ায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, খুরশেদ আলম ও তাঁর ছোট ভাই রমেজ মিয়া গতকাল সকালে মৃত নুরুল ইসলামের একতলা ভবনের ছাদে ধান শুকাতে দেন। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলে দুজনেই ধান ছাদে স্তূপ করে ঢেকে রাখেন। বৃষ্টি থামার পর জমে থাকা পানি পরিষ্কার করছিলেন খুরশেদ আলম। এ সময় তাঁর ছোট ভাই রমেজ মিয়া অভিযোগ করেন, তাঁর ধানে পানি গেছে। দুজনের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে রমেজ তাঁর বড় ভাইয়ের বুকের বাঁ পাশে কোদাল দিয়ে আঘাত করেন।
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে হত্যা
নরসিংদীর রায়পুরায় ইয়াসমিন ওরফে সুমন (২৬) নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি গ্রামের রেলগেট এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। এ সময় চাঁদনী ওরফে বাবু (২৬) নামে আরেকজন গুরুতর আহত হন।
নিহত ইয়াসমিন ওরফে সুমন উপজেলার পিরিজকান্দি গ্রামের রবিউল্লাহর সন্তান। আহত চাঁদনী ওরফে বাবু একই এলাকার মিষ্টু মিয়ার সন্তান। স্থানীয় সূত্র ও পুলিশের ধারণা, পোলট্রি ব্যবসায়ী জাকির হোসেনের খামারের কর্মচারী রাসেল তৃতীয় লিঙ্গের ইয়াসমিন ও চাঁদনীকে ফার্মে ডেকে নেয়। রাসেলসহ কয়েকজন অনৈতিক কাজের পর লেনদেন নিয়ে বনিবনা হয়নি। পরে তাদের তর্কাতর্কির জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনার পর থেকে রাসেল পলাতক।
রায়পুরা থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, হত্যাকাণ্ডের কারণ রহস্যজনক। পুলিশ বিষয়টি তদন্ত করছে। পরে বিস্তারিত জানানো হবে।
টাকা ফেরত চাওয়ায় ছুরিকাঘাতে খুন
ঢাকার কেরানীগঞ্জে ছুরিকাঘাতে নিহত হয়েছেন মো. জাহাঙ্গীর হোসেন (৪০) নামে এক ব্যক্তি। রোববার রাতে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের গোল্ডেন কমিউনিটি সেন্টারের সামনে তাঁকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর অবস্থায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়ার পর জাহাঙ্গীরকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন হুমায়ুন কবিরকে ধরে পুলিশে দিয়েছে জনতা।
স্থানীয় সূত্র জানায়, হুমায়ুনের কাছে চার হাজার ২০০ টাকা পেতেন জাহাঙ্গীর। কিন্তু টাকা ফেরত দেওয়া নিয়ে তালবাহানা শুরু করেন হুমায়ুন। এ নিয়ে রোববার সকালে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। রাতে একই বিষয় নিয়ে তর্কাতর্কির মধ্যে হুমায়ুন কোমর থেকে ছুরি বের করে জাহাঙ্গীরের পেটে একাধিক আঘাত করেন। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণে পথেই মৃত্যু হয় তাঁর।
এদিকে পাবনার ঈশ্বরদীতে মহাবুল হোসেন প্রামাণিক (৬০) নামে এক মিষ্টি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ তুলেছেন স্বজনরা। এজন্য তারা প্রতিবেশীদের দায়ী করেছেন। রোববার উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ মামলার পর প্রতিবেশী আবুল বাশারকে গ্রেপ্তার করেছে। তবে গতকাল সোমবার সংবাদ সম্মেলনে বাশারের স্বজনরা দাবি করেছেন, ছাগলে পাতা খাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়। সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মহাবুল।
(তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট প্রতিনিধি)
- বিষয় :
- হত্যা
