ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঈদে নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদে নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী
×

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৬ | ১৪:৩১

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের সার্বিক নিরাপত্তা, মহাসড়ক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে।

মঙ্গলবার সকালে ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সের ‘ন্যাশনাল অপারেশন মনিটরিং সেন্টার’ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি মনিটরিং কার্যক্রম ঘুরে দেখেন এবং দায়িত্বরত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে কেন্দ্রীয় মনিটরিং সেলকে আরও শক্তিশালী করা হয়েছে। ঈদের সাত দিন আগে থেকে সাত দিন পর পর্যন্ত বিশেষ নজরদারির আওতায় থাকবে দেশের মহাসড়ক, পশুর হাট, পদ্মা ও যমুনা সেতুসহ গুরুত্বপূর্ণ এক্সপ্রেসওয়েগুলো। যেসব স্থানে সিসিটিভি ক্যামেরা নেই, সেখানে বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করে পুলিশের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি জানান, অতীতের তুলনায় এবারের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা কম ঘটেছে। যেসব দুর্ঘটনা ঘটেছে, তার অধিকাংশই অসচেতনতা ও ব্যক্তিগত গাফিলতির কারণে। নওগাঁয় লোহার রডবাহী ট্রাকের ছাদে যাত্রী পরিবহনের ঘটনায় প্রাণহানির প্রসঙ্গ তুলে তিনি ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানান।

অনুমোদনহীন পশুর হাটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, রাজধানীর মিরপুরে মেট্রোরেল লাইনের নিচে বসানো একটি অবৈধ পশুর হাট ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি জাল নোট প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকারী মেশিন স্থাপন করা হয়েছে।

নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রসঙ্গে তিনি বলেন, সেখানে ‘রাষ্ট্রের ভেতর রাষ্ট্র’ গড়ে তোলার অপচেষ্টা যৌথ অভিযানের মাধ্যমে ভেঙে দেওয়া হয়েছে। অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার এবং একাধিক দাগী আসামিকে গ্রেফতার করা হয়েছে। ওই এলাকায় পুলিশ ও র‍্যাব একাডেমি, পুলিশ স্পোর্টস কমপ্লেক্স এবং কারাগারসহ একটি সমন্বিত নিরাপত্তা ও প্রশাসনিক হাব নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

যমুনা সেতুর টোল প্লাজায় দীর্ঘ যানজটের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ম্যানুয়াল টোল আদায়ের কারণে এ সমস্যা তৈরি হচ্ছে। এ অবস্থার স্থায়ী সমাধানে ডিজিটাল অটোমেশন ব্যবস্থা চালুর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হবে।

সাভারে মাদক ব্যবসায় সিসি ক্যামেরা ও ড্রোন ব্যবহারের অভিযোগ এবং গণমাধ্যমকর্মীদের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, ঘটনায় তিন পুলিশ সদস্যকে ইতোমধ্যে ক্লোজ করা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×