ঈদে বিষাদের ছায়া ১২ পরিবারে
সমকাল ডেস্ক
প্রকাশ: ০১ জুন ২০২৬ | ১২:৫৭ | আপডেট: ০১ জুন ২০২৬ | ১৩:০১
ঈদুল আজহার আগে ও পরে গত এক সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে পানিতে ডুবে বাবা-ছেলেসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া শিক্ষার্থী ও গৃহবধূসহ আরও দুইজন নিখোঁজ রয়েছেন।
নৌকাডুবিতে বাবা-ছেলের মৃত্যু
বরিশালের হিজলায় মেঘনার শাখা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন মারা গেছেন। গত সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন- উপজেলার ধুলখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নুর ইসলাম (৪৫), তাঁর ছেলে মো. ইব্রাহিম (১২) এবং মো. হারুন বিশ্বাস (৪৫)।
হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল জানান, ঘটনার দিন জেলে কার্ডের চাল নিয়ে কয়েকজন যাত্রী নৌকায় আলিগঞ্জ খেয়াঘাট থেকে ধুলখোলা খেয়াঘাটে যাচ্ছিলেন। মাঝ নদীতে যাওয়ার পর আকস্মিক ঝড় শুরু হলে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। নৌকায় থাকা আট জনের মধ্যে পাঁচ জন যাত্রী পাশ দিয়ে যাওয়া অপর একটি ট্রলারে উঠে প্রাণে রক্ষা পান। নুর ইসলাম, ইব্রাহিম ও হারুন নিখোঁজ হন। মঙ্গলবার ভোর ৬টার দিকে পুরাতন ফেরিঘাট এলাকায় হারুনের এবং ওই দিন রাত ২টার দিকে মেহেন্দিগঞ্জের ভাসানচর এলাকায় বাবা-ছেলের মরদেহ ভেসে ওঠে।
দুই কিশোরসহ ৩ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও শিবগঞ্জে পানিতে ডুবে দুই কিশোর ও এক শিশুর মৃত্যু হয়েছে। গত রোববার দুপুরে এ ঘটনা ঘটে। মারা যাওয়া কিশোররা হলো- শিবগঞ্জের লাভাঙ্গা গ্রামের জামাল হোসেনের ছেলে জুবায়ের এবং একই এলাকার কামাল হোসেনের ছেলে সাফি। জুবায়ের ও সাফি চাচাতো ভাই। দুইজনই অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এ ছাড়া নাচোলে মারা যাওয়া দুই বছর বয়সী শিশুটির নাম আসমাউল হোসেন। সে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের টাকাহারা (বটপুকুর) গ্রামের মো. মানিকের ছেলে।
স্থানীয়রা জানায়, লাভাঙ্গা এলাকায় পাগলা নদীতে গোসল করতে গিয়ে সাফি পানিতে ডুবে যেতে থাকলে জুবায়ের তাঁকে উদ্ধার করতে যায়। এ সময় দুজনই পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় স্বজনরা তাদের মরদেহ উদ্ধার করে। অন্যদিকে নিজ বাড়িতে বালতির পানিতে ডুবে মারা যায় আসমাউল হোসেন।
ডোবায় পড়ে শিশুর মৃত্যু
স্বরূপকাঠিতে ডোবার পানিতে পড়ে সার্থক সুতার নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সার্থক উপজেলার ৬ নম্বর দৈহারী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌরভ সুতারের ছেলে। শনিবার বিকেলে উপজেলার দৈহারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৎস্য খামারে ডুবে দুইজনের মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়িতে একটি মৎস্য খামারে পানিতে ডুবে এক শিশু ও খামার মালিকের মৃত্যু হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার পাইন্দং ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পাইন্দং ইউনিয়নের ডলু নয়াবাজার আর্মি ক্যাম্প সংলগ্ন একটি মৎস্য প্রকল্পে বেড়াতে এসে তিন শিশু পানিতে পড়ে যায়। এ সময় মৎস্য খামারের মালিক মফিজ দ্রুত উদ্ধার অভিযানে নেমে দুই শিশুকে বাঁচাতে সক্ষম হন। এ সময় তিন বছর বয়সী অপর শিশু মুনতাহিনা পানিতে নিখোঁজ হয়। তাঁকে উদ্ধারে গিয়ে মফিজ পানির নিচে তলিয়ে যান। পরে স্থানীয়রা তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন। মুনতাহিনা ফটিকছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কে.এম টেক এলাকার আজাদের মেয়ে।
নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু
ঈশ্বরদীর পাকশীতে নৌকা ভ্রমণে এসে পদ্মা নদীতে চলন্ত নৌকা থেকে পড়ে যাওয়া রিফাত হাসান রক্তিম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত শনিবার দুপুর ১২টার দিকে পদ্মা নদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতুর মধ্যবর্তী এলাকা থেকে রক্তিমের মরদেহ উদ্ধার করা হয়। রক্তিম (৩৫) পাবনা পৌরসভার দিলালপুর এলাকার জাকির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে পদ্মা নদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজের নিচে নৌকা ভ্রমণে বের হন কয়েকজন যুবক। চলন্ত নৌকায় দাঁড়িয়ে ভারসাম্য রাখতে না পেরে হঠাৎ পানিতে পড়ে যান রক্তিম। এ সময় রক্তিমকে বাঁচাতে নৌকায় থাকা অপর দুই বন্ধু ও নদীতে ঝাঁপ দেয়। এক পর্যায়ে আশপাশের লোকজন ও মাঝির প্রচেষ্টায় দুইজনকে জীবিত উদ্ধার করা গেলেও রক্তিম নিখোঁজ ছিল। খবর পেয়ে রাজশাহী থেকে ডুবুরি দল এসে ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর রক্তিমের মরদেহ উদ্ধার করে।
নদীতে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওর সংলগ্ন পাটলাই নদীতে নিখোঁজ হওয়া তামিম নামের কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর রোববার বিকেলে তাঁর লাশ উদ্ধার করেন স্থানীয়রা। তামিম (১৬) ধর্মপাশা উপজেলার ঘলুয়া গ্রামের মজিবুর মিয়ার ছেলে।
স্থানীয়দের ভাষ্য, গত শনিবার দুপুরে প্রায় ৬০ জনের একটি পর্যটক দল ‘মা-বাবার দোয়া’ নামের একটি নৌকায় টাঙ্গুয়ার হাওর ও ট্যাকেরঘাটের নীলাদ্রি লেক ভ্রমণে আসেন। ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে পাটলাই নদীতে চলন্ত নৌকা থেকে হঠাৎ পড়ে গিয়ে নিখোঁজ হয় তামিম। ঘটনার পর তাঁর সঙ্গে থাকা লোকজন, স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ উদ্ধার অভিযান চালিয়েও তাঁকে খুঁজে পায়নি। প্রায় ২৪ ঘণ্টা পর রোববার বিকেলে ঘটনাস্থলের অদূরে নদীতে তাঁর লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন।
পুকুরের ডুবে শিশুর মৃত্যু
কুষ্টিয়ার খোকসায় নানাবাড়ির পাশে পরিত্যক্ত ইটভাটার পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে কণিকা (১০) নামে শিশু মারা গেছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মোড়াগাছা গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির বাবার বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কালীশংকপুর গ্রামে। ঈদ উপলক্ষে বাবা-মায়ের সঙ্গে মোড়াগাছা গ্রামে নানা আব্দুর রাজ্জাকের বাড়িতে বেড়াতে এসেছিল সে। কণিকা তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
নিখোঁজের ৩০ ঘণ্টা পর লাশ উদ্ধার
জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৩০ ঘণ্টা পর শাওন নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার বিকেল ৬টার দিকে ব্রহ্মপুর নদ থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। শাওন (১৫) উপজেলার পাররামরামপুর ইউনিয়নের দক্ষিণ মোয়ামারী গ্রামের সাইদুর রহমানের ছেলে। সে ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
