ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মুগদার বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের মরদেহ উদ্ধার

মুগদার বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের মরদেহ উদ্ধার
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ০০:১৮

রাজধানীর উত্তর মুগদা এলাকার বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসেইন শুভর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার রাতে দরজা ভেঙে ঘরের ভেতর তার মরদেহ পাওয়া যায়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

‎ঢাকা মহানগর পুলিশের সবুজবাগ অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জাহিদ হাসান সমকালকে বলেন, কীভাবে তার মৃত্যু হয় তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে। ওই বাসায় তিনি একাই ছিলেন। তাৎক্ষণিকভাবে সেখানে ‘সুইসাইড নোট’ জাতীয় কিছু পাওয়া যায়নি।

পুলিশ জানায়, দীর্ঘসময় ধরে শুভর কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাত ১০টার দিকে দরজা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ। তখন গলায় ফাঁস লাগানো অবস্থায় তার নিথর দেহ ঝুলতে দেখা যায়। এ ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অতিরিক্ত উপকমিশনার জাহিদ হাসান বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী আইনানুগ সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি মৃত্যুর কারণ জানতে নিজেদের মতো করে অনুসন্ধান করবে পুলিশ।

আরও পড়ুন

×