দেশের আট জেলায় ৯ জন হত্যার শিকার
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ০৭:৫৯
| প্রিন্ট সংস্করণ
দেশের আট জেলায় ৯ জন হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন দুজন। খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত মার্চ মাসে তাঁর বাড়িতে ঢুকে গুলি চালানো হয়। তবে তখন তিনি বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে যান। এদিকে চাঁদপুরে চোখেমুখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নেত্রকোনায় সংঘর্ষে নিহত হয়েছেন কলেজছাত্র। এ জেলায় এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গাজীপুরে খুন হয়েছেন রিকশাচালক।
ডেকে নিয়ে কুপিয়ে খুন
খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে কাজী রাশিদুল ইসলাম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে স্কুলভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
এর আগে ১৯ মার্চ সকালে রাশিদুলের বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়ে সন্ত্রাসীরা। সেদিন তিনি বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে যান। সন্ত্রাসীদের গুলিতে রাশেদের মা রঞ্জুয়ারা বেগম, বাবা কাজী আনিসুর রহমান, বড় ভাই রাইসুল ইসলাম ও স্ত্রী ফাহিমা গুলিবিদ্ধ হন।
নিহতের ভাই কাজী রাইসুল ইসলাম বলেন, গতকাল সকালে বাড়িতে ছিল রাশিদুল। বেলা সোয়া ১১টার দিকে তাঁর দুই বন্ধু এসে ডেকে নিয়ে যায়। পরে আমরা জানতে পারি, স্কুলভিটার সামনে আমার ভাইকে কুপিয়ে ফেলে রেখে গেছে। স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
গণপিটুনিতে দুজন নিহত
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে চোর সন্দেহে গণপিটুনিতে ফিরোজ আলী (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফিরোজ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিটিআই কলেজ বস্তি এলাকার বাসিন্দা। তিনি পাঁচ বছর ধরে গোয়ালবাড়ি গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।
এদিকে মেহেরপুরের গাংনী উপজেলায় ট্রাকের টায়ার চুরি করতে গিয়ে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে বামন্দী জামান ফিলিং স্টেশনের সামনে অবস্থিত তুষার আহমেদের টায়ারের দোকানে এ ঘটনা ঘটে।
মরিচের গুঁড়া ছিটিয়ে কুপিয়ে হত্যা
চাঁদপুরের হাইমচর উপজেলায় এজমালি (যৌথ মালিকাধীন) পুকুরের ঘাটলা নির্মাণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে ওমর ফারুক (২২) নামে যুবক নিহত হয়েছেন। তাঁর চোখেমুখে মরিচের গুঁড়া ছিটিয়ে হত্যা করা হয় বলে জানা গেছে।
গতকাল দুপুরে হাইমচর উপজেলার ছোট লক্ষ্মীপুর গ্রামের মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ফারুক একই উপজেলার উত্তর চরভাঙ্গা (ঢালী বাড়ি) গ্রামের খালেক ঢালীর ছেলে।
সংঘর্ষে যুবক নিহত
নেত্রকোনায় একটি বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্সে গান বাজানো ও ছবি তোলা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে ফয়সাল আহমেদ (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত তিনজন। গত সোমবার রাতে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাবনিকোনা সংসদ বাজার
মসজিদের সামনের সড়কে এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল আহমেদ বামনিকোনা গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি নেত্রকোনার আবু আব্বাছ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
নারীকে কুপিয়ে খুন
নেত্রকোনা পৌর শহরের উত্তর কাটলীতে নারীকে কুপিয়ে হত্যা করেছেন এক যুবক। ওই নারীর স্বামী ও ছেলেকেও কুপিয়ে জখম করা হয়েছে। গত সোমবার রাতে এ ঘটনার পর ওই বাসা থেকে হামলাকারীকে আটক করেছে পুলিশ।
কাটলী এলাকার একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম মনোয়ারা বেগম (৫৫)। তিনি উত্তর কাটলীর আবু চানের স্ত্রী।
রিকশাচালককে পিটিয়ে হত্যা
গাজীপুরের শ্রীপুরে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে আজিজুল ইসলাম (৩৮) নামের এক রিকশাচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত সোমবার তাঁর ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এতে আজিজুল, তাঁর মা ও দুই ভাইবোন আহত হন। মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত আজিজুল ইসলাম ওই গ্রামের আবু হানিফার ছেলে।
ভাইয়ের হাতে ভাই খুন
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা এলাকার পরানগঞ্জ ইউনিয়নে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে আব্দুল বাছেদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গত সোমবার সন্ধ্যার পর চর হাসাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল বাছেদ ওই গ্রামের প্রয়াত আছর আলীর ছেলে।
কিশোরের মরদেহ উদ্ধার
নরসিংদীতে পুকুরের পাড় থেকে ফাহিম মিয়া (১৭) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মধ্য শিলমান্দী এলাকার জোড়া ঈদগাহ মাঠের পাশের একটি পুকুরপাড় থেকে মরদেহ উদ্ধার করা হয়। ফাহিম মধ্য শিলমান্দী এলাকার বাসচালক রুহুল আমিনের ছেলে।
(সংশ্লিষ্ট প্রতিনিধির পাঠানো তথ্য)
- বিষয় :
- হত্যা
