রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখার আহ্বান
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ০৮:১১
| প্রিন্ট সংস্করণ
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে তহবিল কমে আসায় গতকাল মঙ্গলবার জেনেভায় সংবাদ ব্রিফিংয়ে ইউএনএইচসিআরের মুখপাত্র বাবর বালোচ এ আহ্বান জানিয়েছেন। ঢাকার ইউএনএইচসিআর কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাবর বালোচ বলেন, মিয়ানমার থেকে গণহারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেওয়ার ৯ বছর পূর্ণ হবে এ বছর। ইউএনএইচসিআর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে, যাতে তারা বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখ রোহিঙ্গাকে সহায়তার বিষয় ভুলে না যায়। এমন একসময়ে ইউএনএইচসিআর এই আহ্বান জানাচ্ছে, যখন বিশ্বজুড়ে অস্থিতিশীলতা এবং মানবিক সংকটের চাপ বাড়ছে। গত মাসে জাতিসংঘ এবং এর অংশীদাররা বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করে নতুন করে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে। রোহিঙ্গা এবং স্থানীয় আশ্রয়দাতা সম্প্রদায়ের সবচেয়ে জরুরি প্রয়োজন মেটাতে ৭১ কোটি ডলারের জন্য আবেদন জানানো হয়েছে। প্রয়োজন বাড়তে থাকলেও এই অতিগুরুত্বপূর্ণ চাহিদাভিত্তিক সহায়তার আবেদন গত বছরের তুলনায় ২৬ শতাংশ কম।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় এই আবেদনে ইতোমধ্যে সাড়া দিয়েছে এবং প্রয়োজনীয় অর্থের ৬০ শতাংশ পাওয়া গেছে। মিয়ানমারে সহিংসতা বন্ধ না হওয়া পর্যন্ত মানবিক সহায়তা অব্যাহত রাখতে হবে।
- বিষয় :
- রোহিঙ্গা
